মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ ও বিজয়ের গৌরব নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে যথাযোগ্য মর্যাদায় ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস-২০২৬ উদযাপনের প্রস্তুতি সভা করেছে যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ১১টায় কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবস দুটি যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, সার্বিক প্রস্তুতি এবং সংশ্লিষ্ট দপ্তর ও সংগঠনগুলোর সমন্বয় নিয়ে আলোচনা করা হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর কবির বিশ্বাস, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেশবপুর পৌর শাখার আমির প্রভাষক মোঃ জাকির হোসেন, এনসিপি কেশবপুর শাখার প্রধান সমন্বয়কারী সম্রাট হোসেন প্রমুখ। আরও উপস্থিত ছিলেন কেশবপুর সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক আব্দুল হান্নান, কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি ওয়াজেদ খান ডবলু, সাধারণ সম্পাদক মোঃ হারুনার রশীদ বুলবুলসহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস আমাদের জাতীয় ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি দিন। শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ এবং মুক্তিযুদ্ধে লাখো শহীদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। দিবস দুটি পালনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করা হবে। তিনি কর্মসূচিগুলো সুষ্ঠু, সুন্দর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কেশবপুর থানার অফিসার ইনচার্জ বলেন, জাতীয় দিবসগুলোর মর্যাদা রক্ষা এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সবার দায়িত্ব। দিবস দুটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচিতে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে পুলিশ প্রশাসন প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে। এ ক্ষেত্রে আয়োজকসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
সাননিউজ/বান্না
