নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) বার্ষিক আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। দলগুলোর জমা দেওয়া অডিট রিপোর্ট পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৯টি। এর মধ্যে একটি দলের কার্যক্রম স্থগিত রয়েছে। ফলে হিসাব জমা দেওয়ার আওতায় থাকা ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের আয়-ব্যয়ের বিবরণী জমা দিয়েছে।
তিনি জানান, আরও ১৩টি রাজনৈতিক দল হিসাব জমা দেওয়ার জন্য অতিরিক্ত সময় চেয়ে নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছে। তবে ৮টি দল এখনো কোনো হিসাব জমা দেয়নি এবং এ বিষয়ে কমিশনের সঙ্গে যোগাযোগও করেনি।
ইসি সচিব আরও বলেন, আইন অনুযায়ী নির্ধারিত নিয়ম মেনে হিসাব জমা না দেওয়া দলগুলোর বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ জন্য সংশ্লিষ্ট দলগুলোকে শিগগিরই নোটিশ পাঠানো হবে।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব জমা দেওয়ার বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় এবারও দলগুলোর কাছ থেকে অডিট রিপোর্ট সংগ্রহ করা হচ্ছে।
