সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ চলাকালে বহিরাগতদের হামলায় গুরুতর আহত পোশাক শ্রমিক সেলিম হাওলাদার ১২ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রমিকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নিহত সেলিম হাওলাদার (২৩) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের মোহাম্মদ রহিম হাওলাদারের ছেলে। সে সাভারের আউকপাড়া এলাকার ট্রেন্ট সুজ লিমিটেড নামের একটি জুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সুইং শাখায় জুনিয়র অপারেটর হিসেবে কাজ করতো।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধি ও বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষ চলছিল। ওই দিন দুপুর সাড়ে ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায় ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেড কারখানার সামনে লাঠিসোঁটা, ইট-পাথর ও দেশীয় অস্ত্র নিয়ে দুই থেকে তিন শ বহিরাগত শ্রমিক জড়ো হয়ে কারখানার নিরাপত্তাকর্মীদের গেট খুলে শ্রমিকদের বের করে দিতে বলেন। নিরাপত্তার স্বার্থে গেট খুলতে অস্বীকৃতি জানালে হামলাকারীরা কারখানার ফটক ও নিরাপত্তাকক্ষ ভাঙচুর করে জোরপূর্বক ভেতরে প্রবেশ করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কর্র্তৃপক্ষ কারখানা দুটিতে ছুটি ঘোষণা করেন। এসময় শ্রমিকেরা কারখানা থেকে বের হয়ে যাওয়ার সময় হামলাকারীরা তাঁদেরকে মারধর শুরু করেন। এ সময় ট্রেন্ট সুজ লিমিটেডের শ্রমিক সেলিম, মোঃ রাকিব (২৪) ও লিমন (২৫) সহ কয়েকজন আহত হন। হামলাকারীরা লোহার রড দিয়ে সেলিমের মাথায় আঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে প্রথমে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে নেওয়া হয়। এরপরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অস্ত্রোপচারের পর আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। হামলায় আহত অন্য দুই শ্রমিক সুস্থ হয়েছেন বলে কারখানা সূত্রে জানা গেছে।
নিহত সেলিমের বাবা মোহাম্মদ রহিম হাওলাদার ছেলের হত্যার বিচার দাবি করে বলেন, সেদিন কারখানায় ছুটি ঘোষণার পর ১০-১২ জন শ্রমিক বের হওয়ার সময় বহিরাগতরা তাঁদের ওপর হামলা চালায়। লোহার রড দিয়ে মাথায় আঘাত করার পর থেকেই সেলিম অচেতন ছিলেন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর সোমবার ভোররাতে সে মারা যায়। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শান্তি নিশ্চিত করতে হবে।
এর আগে হামলা ও ভাংচুরের ঘটনায় ট্রেন্ট সুজ লিমিটেড ও ফরচুন জিপার লিমিটেডের এইচআর অ্যান্ড অ্যাডমিন কর্মকর্তা প্রিন্স সরদার বাদী হয়ে গত ৭ নভেম্বর আশুলিয়া থানায় একটি মামলা করেন। মামলায় আশুলিয়ার নিট প্লাস কারখানার শ্রমিক রনজিৎ বিশ্বাসকে প্রধান আসামি করে অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। মামলায় হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, হামলায় ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি রনজিৎ বিশ্বাসসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা বর্তমানে কারাগারে রয়েছেন। আহত শ্রমিকের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সাননিউজ/বান্না
