আইফোন উন্মোচনের ২০ বছর পূর্তি উপলক্ষে বড় ধরনের পরিবর্তনের পরিকল্পনা করছে অ্যাপল। ২০২৭ সালে বাজারে আসতে পারে নতুন নকশার আইফোন প্রো মডেল, যেখানে কাঁচের ব্যবহার থাকবে বর্তমান মডেলগুলোর তুলনায় অনেক বেশি।
ব্লুমবার্গের প্রযুক্তি সাংবাদিক মার্ক গুরম্যান জানিয়েছেন, ২০২৭ সালের আইফোন প্রো মডেলের জন্য বিশেষ কাঁচ-প্রধান ফ্রেমের নকশা তৈরির কাজ করছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল।
এর আগে জেফরিসের বিশ্লেষক এডিসন লি দাবি করেছিলেন, আইফোনের ২০তম বার্ষিকী উপলক্ষে সম্পূর্ণ কাঁচের তৈরি একটি মডেল বাজারে আনার পরিকল্পনা বাতিল করেছে অ্যাপল। তবে গুরম্যানের দাবি, অ্যাপলের মূল পরিকল্পনা পুরোপুরি বাতিল হয়নি।
প্রতিবেদন অনুযায়ী, নতুন নকশার আইফোন প্রো মডেলের সামনে ও পেছনে কাঁচের স্তর থাকবে, যা ডিভাইসের পাশের সীমানা পর্যন্ত বিস্তৃত হবে। দুই কাঁচের অংশের মাঝে থাকবে একটি সরু ধাতব রিং বা ব্যান্ড। এতে বর্তমান আইফোনের তুলনায় ফোনটির বাহ্যিক নকশায় বড় ধরনের পরিবর্তন আসবে।
অ্যাপলের অভ্যন্তরীণ সূত্রে নতুন এই ডিভাইস দুটির সাংকেতিক নাম ‘ভি৭৩’ ও ‘ভি৭৪’ দেওয়া হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে গুরম্যান স্পষ্ট করেছেন, পুরোপুরি কাঁচের তৈরি করার যে উচ্চাভিলাষী ধারণা নিয়ে অ্যাপল একসময় কাজ করেছিল, সেটি নকশার প্রাথমিক পর্যায়েই বাদ দেওয়া হয়। বর্তমানে যে কাঁচ-প্রধান নকশা নিয়ে কাজ চলছে, সেটি অবশ্য এখনো বহাল রয়েছে।
২০০৭ সালে বাজারে আসার পর ২০২৭ সালে আইফোনের দুই দশক পূর্ণ হবে। এই বিশেষ বার্ষিকী উপলক্ষে ডিভাইসটির নকশায় বড় ধরনের পরিবর্তন আনার গুঞ্জন রয়েছে।
প্রতিবেদনটি সত্য হলে, গত কয়েক বছরের মধ্যে এটিই হতে পারে আইফোনের সবচেয়ে বড় বাহ্যিক পরিবর্তন। এতে প্রচলিত ধাতব ফ্রেমের ব্যবহার কমে গিয়ে বাঁকানো কাঁচের ব্যবহার আরও গুরুত্ব পেতে পারে।
তবে ২০২৭ সালের আইফোনের নতুন নকশা বা পরিকল্পনা নিয়ে অ্যাপল এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
সূত্র: সামা টিভি
সান নিউজ/ জামান
