রাজধানীসহ সমগ্র বাংলাদেশ জ্বালানি তেলের তীব্র সংকটে । জ্বালানি তেলের লাইনেই সব সময় চলে যাচ্ছে। কোথাও এক কিলোমিটার দীর্ঘ লাইন, কোথাও উত্তেজনা, কোথাও সংঘর্ষ– সব মিলিয়ে অস্বাভাবিক পরিস্থিতির মধ্যে পড়েছে সাধারণ মানুষ। ফিলিং স্টেশনগুলোতে ভিড় কমছে না।
খুলনার ডুমুরিয়ায় তেল নেওয়ার সময় সিরিয়াল ভঙ্গ ও প্রভাব বিস্তার নিয়ে বিএনপি ও ছাত্রশিবিরের নেতাকর্মীর মধ্যে সংঘর্ষ হয়। পরে উভয় পক্ষ পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে একে অপরকে দোষারোপ করে।
এমন পরিস্থিতিতে কিছু জেলায় ফুয়েল কার্ড চালু করেছে প্রশাসন। বৈধ কাগজপত্র থাকা মোটরসাইকেল মালিকদের কার্ড দিয়ে তেল সরবরাহের চেষ্টা করা হচ্ছে। এতে অতিরিক্ত সময়ক্ষেপণ হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
ঢাকায়ও গতকাল ছুটির দিনে বিভিন্ন ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা গেছে। কোথাও কোথাও লাইনের শেষ প্রান্ত প্রধান সড়কে চলে আসছে। বরাদ্দ কম থাকা ও সরবরাহ অনিয়মিত হওয়ায় অনেক পাম্পে দ্রুত তেল শেষ হয়ে যাচ্ছে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিতরণে শৃঙ্খলা আনতে ট্যাগ অফিসার নিয়োগ করলেও বাস্তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। অনেক ক্ষেত্রে চালকরা লাইন ভেঙে তেল নেওয়ার চেষ্টা করছেন। এতে উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
সান নিউজ/আরএ
