রাজধানীর কড়াইল বস্তির নিম্নআয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক সুবিধাভোগীর মোবাইল অ্যাকাউন্টে পৌঁছে গেছে সরকারি সহায়তার ২ হাজার ৫০০ টাকা। উৎসবের আগে এই অপ্রত্যাশিত প্রাপ্তিতে আনন্দ ও স্বস্তিতে ভাসছে কড়াইল ও মহাখালী এলাকার সুবিধাবঞ্চিত সাধারণ মানুষ।
মঙ্গলবার (১০ মার্চ) সকালে মহাখালীর টিঅ্যান্ডটি কলোনি মাঠে ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে হাজারো মানুষ জড়ো হন। সেখানে দেখা যায়, অনেক মানুষের মুঠোফোনেই রাষ্ট্রীয় অর্থ সহায়তার সরকারি বার্তা চলে এসেছে। কার্ড হাতে পাওয়ার আগেই সরাসরি অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার এই স্বচ্ছতা দেখে অনেকেই আবেগপ্লুত হয়ে পড়েন। সুবিধাভোগীরা জানান, এই টাকা তাদের ঈদ কেনাকাটা ও পারিবারিক প্রয়োজনে বড় ধরনের সহায়তা করবে।
এই কর্মসূচির আওতায় সরকার নারীপ্রধান পরিবারগুলোকে অগ্রাধিকার দিচ্ছে। এবারের চূড়ান্ত তালিকায় দেশের বিভিন্ন প্রান্তের মোট ৩৭ হাজার ৫৬৭টি নারীপ্রধান পরিবারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে পরীক্ষামূলক (পাইলট) প্রকল্পের আওতায় দেশের ১৩টি জেলার ১৩টি সিটি করপোরেশন এবং নির্দিষ্ট কিছু ইউনিয়নের ১৫টি ওয়ার্ডে এই ডিজিটাল সেবা কার্যক্রম শুরু করা হয়েছে।
সরকার সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড বিতরণে সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করা হয়েছে। এই প্রক্রিয়ায় কোনো ধরনের দলীয় প্রভাব বা রাজনৈতিক পক্ষপাত রাখা হয়নি। প্রকৃত দুস্থ ও নিম্নআয়ের মানুষ যাতে সরাসরি সরকারের সুবিধা পায়, তা নিশ্চিত করতেই এই ব্যবস্থা। আজ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন।
