গত কয়েকদিন থেমে থেমে রাজধানীতে বৃষ্টি হয়েছে। সোমবার দুপুর ১২টা থেকে বেলা ৩টায় হয়েছে ২৩ মিলিমিটার বৃষ্টি। আগের দিন রোববার হয়েছিল ৩২ মিলিমিটার। বৃষ্টি হলে সাধারণত বাতাসের মান উন্নত হওয়ার কথা। কিন্তু এখন আর বৃষ্টিতেও কমছে না দূষণ।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে আটটার দিকে আইকিউএয়ারে ঢাকার বায়ুর মান ১৯৮। এ স্কোর নিয়ে বিশ্বের শীর্ষ বায়ু দূষণের নগরী ঢাকা। বায়ুর এ মানকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। বায়ুর মান ২০০-এর বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। রাজধানীর তিন স্থানের বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। রোববার সকাল ও সন্ধ্যাতেও বিশ্বের শীর্ষ নগরী ছিল ঢাকা।
বায়ুদূষণের এ পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং সতর্ক করে। আজ বাতাসের এ দূষণ থেকে রক্ষা পেতে আইকিউএয়ার বেশ কিছু পরামর্শ দিয়েছে।
আজ বায়ুদূষণে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে ভারতের রাজধানী নয়াদিল্লি ও চীনের উহান শহর। এ দুই শহরের বায়ুর মান যথাক্রমে ১৬৫ ও ১৫৮।
আজ ঢাকা নগরীর তিন এলাকার বায়ুর মান অপেক্ষাকৃত বেশি খারাপ। এর মধ্যে বায়ুদূষণে শীর্ষে আছে আগারগাঁও। এ এলাকার বায়ুমান ২৭৩। এরপর দূষণের তালিকায় আছে উত্তর বাড্ডার আবদুল্লাহবাগ (২৪১) ও বেচারাম দেউড়ি (২৩১)।
সাধারণত এপ্রিল মাসের পর থেকেই ঢাকার বাতাসের মান ভালো হতে থাকে। এ সময় বৃষ্টি হলে দ্রুতই বাতাসের মান ভালো হয়। এপ্রিল পেরিয়ে মে মাসের প্রায় অর্ধেকটা চলে গেল, কিন্তু বাতাসের মান ততটা উন্নত হচ্ছে না।
আইকিউএয়ারের পরামর্শ অনুযায়ী, আজ ঢাকায় বায়ুর যে মান, তাতে বাইরে বের হলে অবশ্যই মাস্ক পরতে হবে। বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম না করার পরামর্শ দেওয়া হয়েছে। আর ঘরের জানালাগুলো যতটা সম্ভব বন্ধ রাখতে হবে।
সাননিউজ/আরএ
