দীর্ঘ বিরতির পর আবারো ফুটবল বিশ্বকাপে ফিরছেন ল্যাটিন পপ সম্রাজ্ঞী শাকিরা। এবার বিশ্বমঞ্চে কলম্বিয়ান পপতারকা ফিরছেন নতুন গান ‘দাই দাই’ নিয়ে। ২০২৬ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে গানটির টিজার প্রকাশ পেয়েছে। ইতোমধ্যেই তা ফুটবলভক্তদের মধ্যে ব্যাপক আলোড়ন তুলেছে।
বৃহস্পতিবার (৭ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে এক মিনিটের একটি টিজার ভিডিও প্রকাশ করেন শাকিরা। ভিডিওর ক্যাপশনে তিনি লেখেন, ‘মারাকানা স্টেডিয়াম থেকে, এই হলো ‘দাই দাই’, ২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান।’ গানটিতে তার সঙ্গে রয়েছেন নাইজেরিয়ান আফ্রোবিটস তারকা বার্না বয়।
টিজারে দেখা যায়, ব্রাজিলের ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামের মাঠে হলুদ জার্সি ও নীল শর্টস পরে হাতে ফুটবল নিয়ে দাঁড়িয়ে আছেন শাকিরা। তাকে ঘিরে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী পোশাকে সজ্জিত নৃত্যশিল্পীরা পারফর্ম করছেন। আতশবাজির ঝলকানি আর ‘উই আর রেডি’ বার্তার মধ্য দিয়ে শেষ হয় ভিডিওটি।
গানের সংক্ষিপ্ত অংশে শাকিরাকে গাইতে শোনা যায়, ‘হেয়ার ইন দিস প্লেস, ইউ বিলং’, আর সঙ্গে ভেসে আসে পুরুষ কণ্ঠের সুর। আরেক অংশে শোনা যায়, ‘হোয়াট ব্রোক ইউ ওয়ান্স, মেইড ইউ স্ট্রং’। পুরো গানটি আগামী ১৪ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
টিজার প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা। অনেক ভক্তের মতে, শাকিরার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিশ্বকাপ আবারও তার চিরচেনা উৎসবমুখর আবহ ফিরে পেয়েছে। কেউ লিখেছেন, ‘বিশ্বকাপকে বাঁচাতে রানি ফিরে এসেছেন।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘শুধু শাকিরার গান শুনেই বোঝা যাচ্ছে এই বিশ্বকাপ বিশেষ কিছু হতে যাচ্ছে।’
বিশ্বকাপের গানের সঙ্গে শাকিরার সম্পর্ক নতুন নয়। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে তার গাওয়া ‘ওয়াকা ওয়াকা (দিস টাইম ফর আফ্রিকা)’ বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায়। গানটি শুধু ফুটবলের সীমানায় সীমাবদ্ধ থাকেনি, বরং পপ সংস্কৃতির অংশ হয়ে ওঠে। ষোল বছর পরও সেই উন্মাদনা অটুট রেখেছেন ৪৯ বছর বয়সী এই শিল্পী।
২০২৬ বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন মেক্সিকো সিটির অ্যাজটেকা স্টেডিয়ামে মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ফাইনাল অনুষ্ঠিত হবে ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
তবে শাকিরার ‘দাই দাই’কে নিয়ে কিছু বিভ্রান্তিও তৈরি হয়েছে। কারণ, ২০২৬ বিশ্বকাপ উপলক্ষে কোকা-কোলাও আলাদা একটি অফিসিয়াল থিম সং প্রকাশ করেছে। সেটি মূলত ভ্যান হ্যালেনের বিখ্যাত গান ‘জাম্প’-এর নতুন সংস্করণ, যেখানে অংশ নিয়েছেন জে বালভিন, ট্র্যাভিস বার্কার, অ্যাম্বার মার্ক ও স্টিভ ভাই।
ওই গানে স্প্যানিশ ভাষায় নতুন অংশ যোগ করেছেন জে বালভিন। তিনি জানিয়েছেন, ফুটবলের প্রতি লাতিন জনগোষ্ঠীর আবেগ ও ভালোবাসা ফুটিয়ে তুলতেই গানের নতুন রূপ দেওয়া হয়েছে।
তবে ফুটবল আর বিশ্বকাপের আবেগের সঙ্গে শাকিরার নাম যে আলাদাভাবে জড়িয়ে আছে, তা নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। ‘ওয়াকা ওয়াকা’র পর এবার ‘দাই দাই’ দিয়েও বিশ্বকাপ মাতাতে প্রস্তুত এই কলম্বিয়ান সুপারস্টার।
সাননিউজ/আরএ
