বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। পহেলা বৈশাখে পান্তা-ইলিশ যেন উৎসবের অবিচ্ছেদ্য খাবার। গরমের দিনে এই খাবার না হলে যেন উৎসবের আমেজটাই পূর্ণতা পায় না।
পান্তাভাত মূলত গ্রামবাংলার কৃষকদের ঐতিহ্যবাহী খাবার। তারা সকালে পান্তা খেয়ে দিন শুরু করেন, যা তাদের সারাদিন কাজ করার শক্তি জোগায়।
সাধারণত পান্তা ভাত খাওয়া হয় সরিষার তেল, পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ এবং ভাজা মাছের সঙ্গে। বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ হওয়ায় পহেলা বৈশাখে পান্তা-ইলিশ বিশেষ গুরুত্ব পেয়েছে।
মজার বিষয় হলো, পান্তা ভাত শুধু বাংলাদেশেই নয়, বিশ্বের আরও কিছু অঞ্চলেও জনপ্রিয়। ভিয়েতনাম, ভারতের উড়িষ্যা ও তামিলনাড়ুতেও সকালের খাবার হিসেবে এর প্রচলন রয়েছে।
অনেকে মনে করেন পান্তা ভাত খেলে ওজন বাড়ে, কিন্তু পুষ্টিবিদদের মতে এটি সঠিক নয়। বরং গরমের সময় পান্তা ভাত খাওয়ার অভ্যাস শরীরের জন্য বেশ উপকারী। যেমন—
- পান্তা ভাতে আয়রনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যা রক্তস্বল্পতা দূর করতে সাহায্য করে।
- এতে প্রচুর প্রোবায়োটিক ব্যাকটেরিয়া থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
- পটাসিয়াম, ম্যাগনেশিয়াম ও ক্যালসিয়ামের মতো গুরুত্বপূর্ণ খনিজ এতে পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়।
- গরম ভাতের তুলনায় পান্তা ভাতে ফ্যাট কম থাকে, যা ওজন নিয়ন্ত্রণে সহায়ক।
- এটি শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে, তাই গরমে খুব উপকারী।
- নিয়মিত খেলে আলসারসহ কিছু শারীরিক সমস্যায় উপকার পাওয়া যায়।
- ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক বলে মনে করা হয়।
- সকালে পান্তা খেলে সারাদিনের জন্য শক্তি ও কর্মক্ষমতা বজায় থাকে।
- এটি ঘুমের সমস্যাও কমাতে সাহায্য করতে পারে।
- ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সহায়তা করে, ফলে ত্বক থাকে সতেজ ও তরুণ।
- পান্তা ভাত শুধু ঐতিহ্যের প্রতীক নয়, বরং স্বাস্থ্যকর খাবার হিসেবেও এর গুরুত্ব অনেক।
