বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর মহাসচিব কাদের গনি চৌধুরী বলেছেন, ‘যার সৎ সাহস নেই তার জন্য সাংবাদিকতা নয়। অসহায় আত্মসমর্পণ সম্পাদক-সাংবাদিক বা মালিকদের মানায় না, যা আমরা গত ১৭ বছর ধরে দেখেছি। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, তাহলে অনেক কিছু লিখতে ও বলতে পারতাম।’
শনিবার (৪ এপ্রিল) মাদারীপুর জেলার শিবচরে সাংবাদিকদের আয়োজনে পদ্মা নদীতে অনুষ্ঠিত এক নৌভ্রমণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
কাদের গনি চৌধুরী বলেন, “গত ১৭ বছরে এক শ্রেণির ‘দলদাস’ তৈরি হয়েছে, যা সাংবাদিকতার মর্যাদাকে ক্ষুণ্ন করেছে। তবে ছাত্র-জনতার ত্যাগ ও গণ-অভ্যুত্থানের কারণে দেশে গণতন্ত্রের সুবাতাস বইছে। আমরা যেন এই সুবাতাসকে বিশুদ্ধভাবে প্রবাহিত করি। আর কোনো স্বৈরশাসক বা ফ্যাসিস্ট চাই না।
একই সঙ্গে দলদাস সাংবাদিকতারও অবসান চাই। সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা বলার সৎসাহস নিয়েই সাংবাদিকতায় আসতে হবে।”
তিনি আরো বলেন, ‘হলুদ সাংবাদিকতা এমনভাবে বিস্তার লাভ করেছে যে প্রকৃত সাংবাদিক খুঁজে পাওয়া দুষ্কর হয়ে উঠেছে। সচিবালয়ে দেখা যায়, বগলদাবা সম্পাদকদের দাপটে প্রকৃত সম্পাদকরা কোণঠাসা হয়ে পড়েছেন।
এই অবস্থা থেকে উত্তরণ না ঘটালে সাংবাদিকদের সম্মান ও মর্যাদা বজায় থাকবে না।’
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ও কালের কণ্ঠ সম্পাদক কবি হাসান হাফিজ, আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি ও মানবকণ্ঠ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, ডিইউজে সাধারণ সম্পাদক খুরশিদ আলম, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম মহসীনসহ মাদারীপুর ও শিবচরে কর্মরত সাংবাদিকরা।
সান নিউজ/আরএ
