নতুন মন্ত্রিসভায় নরসিংদী-৪ (মনোহরদী-বেলাবো) আসনের বিএনপির বিজয়ী প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল-কে মন্ত্রী হিসেবে দেখতে চান এলাকাবাসী ও স্থানীয় নেতাকর্মীরা। এবারের জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিপুল ভোটে চতুর্থবারের মতো বিজয়ী হয়েছেন।
নতুন সরকারের মন্ত্রিসভায় কারা ঠাঁই পাচ্ছেন—এ নিয়ে ইতোমধ্যে আলোচনা চলছে। দুই-এক দিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করানো হবে। এরপর শুরু হবে মন্ত্রিসভা গঠনের কাজ।
নির্বাচনে জয়ী হওয়ার পর সরদার সাখাওয়াত হোসেন বকুলকে মন্ত্রী হিসেবে দেখতে চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিচ্ছেন অনেক নেতাকর্মী। তাদের দাবি, এই এলাকার ভাগ্য উন্নয়নে এমপি বকুলের বিকল্প নেই।
নরসিংদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস সরদার সাখাওয়াত হোসেন বকুল ১৯৯১ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন নিয়ে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ ও ২০০১ সালে একই দলের হয়ে আওয়ামী লীগ প্রার্থী, সাবেক সেনাপ্রধান (অব.) লে. জেনারেল নূর উদ্দিন খান-কে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। এবারের নির্বাচনে তিনি চতুর্থবারের মতো বিজয়ী হলেন।
মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক মুজিবুর রহমান বলেন, “এবারের নির্বাচনে সরদার সাখাওয়াত হোসেন বকুল বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। বিএনপি চেয়ারম্যানের কাছে তাকে মন্ত্রিত্ব দেওয়ার দাবি জানাই।”
নরসিংদী জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত বলেন, “নির্বাচনী প্রচারণায় যেখানেই গিয়েছি, সেখানেই মানুষ প্রত্যাশা জানিয়েছে—সাখাওয়াত হোসেন বকুল বিজয়ী হয়ে মন্ত্রিসভায় স্থান পাবেন। দলে তার অনেক অবদান রয়েছে। তিনি দলের সবাইকে সুসংগঠিত করেছেন।”
সরদার বকুল ধানের শীষ প্রতীকে ১ লাখ ৬৩ হাজার ৩৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী জাহাঙ্গীর আলম পেয়েছেন ৭৮ হাজার ৭৪৪ ভোট।
আমারবাঙলা/এসএবি
