মূলত ব্যাংকের খেলাপি ঋণের ভিত্তিতে আবাসন খাতে ঋণের সর্বোচ্চ সীমা ঠিক করে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এত দিন সব ব্যাংকের জন্য অভিন্ন সীমা ছিল। এখন থেকে খেলাপি ঋণ যত কম, তত বেশি আবাসন ঋণ দিতে পারবে ব্যাংক। খেলাপি ঋণ ৫ শতাংশের নিচে থাকলে ওই ব্যাংক গৃহনির্মাণ খাতে চার কোটি টাকা পর্যন্ত ঋণ দিতে পারবে।
খেলাপি ঋণ ৫ শতাংশের বেশি কিন্তু ১০ শতাংশের নিচে থাকলে তিন কোটি এবং ১০ শতাংশের বেশি খেলাপি থাকা ব্যাংক আগের মতোই সর্বোচ্চ দুই কোটি টাকা দিতে পারবে।
এদিকে যেসব ব্যাংকের খেলাপি ঋণ কম, তাদের ঋণ দেওয়ার ক্ষমতা বাড়ানো হলেও ঋণ ও নিজস্ব পুঁজির অনুপাত আগের মতোই ৭০: ৩০ অপরিবর্তিত রাখা হয়েছে। আবাসনের ক্রয়মূল্য ১০০ টাকার মধ্যে সর্বোচ্চ ৭০ টাকা ব্যাংক অর্থায়ন করবে। বাকি ৩০ টাকা নিজের থাকতে হবে।
