গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগসহ নৈরাজ্যকর কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ নভেম্বর রাজবাড়ী জেলা বিএনপির আয়োজিত জনসভা সফল করতে গোয়ালন্দে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২২ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মো. নাজিরুল ইসলাম তিতাস, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. আইয়ুব আলী খান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফরিদ দেওয়ান, উপজেলা শ্রমিকদলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়া।
এ ছাড়া বক্তব্য দেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মুরাদ আল রেজা, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাজিউর রহমান রাসেল, পৌর যুবদলের আহ্বায়ক মো. দেলোয়ার হোসেন মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুল খালেক বেপারী, দেবগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ঈসমাল হোসেন, উজানচর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. ফরিদুল ইসলাম ফরিদ, ছোট ভাকলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমানসহ উপজেলা, পৌরসভা ও চারটি ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সভায় বক্তারা বলেন, গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় আগুন, অস্ত্র লুট ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি ও জনমনে আতঙ্ক ছড়ানোর অপচেষ্টা করা হচ্ছে। এ ধরনের নৈরাজ্য ও সহিংসতার বিরুদ্ধে বিএনপি রাজপথে সোচ্চার থাকবে।
তাঁরা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করে, সরকারি স্থাপনায় হামলা, অস্ত্র লুট ও যানবাহনে অগ্নিসংযোগের মাধ্যমে জনগণের নিরাপত্তা হুমকির মুখে ফেলার চেষ্টা করা হচ্ছে। এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে রাজনৈতিক পরিচয়ের আড়ালে সহিংসতা ও নৈরাজ্য সৃষ্টির কোনো সুযোগ দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন বক্তারা।
বক্তারা আরও বলেন, দেশের মানুষ শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনযাপন চায়। কিন্তু সহিংসতা, অগ্নিসংযোগ ও নৈরাজ্য জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে। এ পরিস্থিতিতে গণতান্ত্রিক ও রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে এসব ঘটনার প্রতিবাদ জানানো প্রয়োজন। আগামী ২৪ নভেম্বর রাজবাড়ীতে আয়োজিত জনসভা থেকে সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জোরালো প্রতিবাদ জানানো হবে বলে তাঁরা প্রত্যাশা ব্যক্ত করেন।
জনসভাকে সফল করার আহ্বান জানিয়ে নেতারা বলেন, গোয়ালন্দ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে। জনসভায় ব্যাপক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি নিশ্চিত করতে সাংগঠনিকভাবে প্রস্তুতি নিতে হবে।
তাঁরা বলেন, রাজবাড়ীর জনসভা শুধু প্রতিবাদের কর্মসূচি নয়, বরং সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে জনগণের অবস্থান তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ আয়োজন।
সাননিউজ/বান্না
