পাকস্থলীর অ্যাসিড যখন খাদ্যনালীতে উঠে আসে, তখন তৈরি হয় অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্সের সমস্যা। এর ফলে বুকে জ্বালাপোড়া, মুখে টক ভাব এবং খাবার খাওয়ার পর অস্বস্তিকর অনুভূতি দেখা দিতে পারে। যাদের নিয়মিত এই সমস্যায় পড়তে হয়, তাদের দৈনন্দিন খাদ্যাভ্যাস ও জীবনযাপনের ছোটখাটো ভুলই উপসর্গগুলোকে আরও তীব্র করে তুলতে পারে। তীব্র অ্যাসিডিটি এড়াতে যেসব ভুল থেকে দূরে থাকা জরুরি, তা নিচে তুলে ধরা হলো।
দীর্ঘ বিরতির পর গোগ্রাসে বেশি খাবার খাওয়া
সারাদিন না খেয়ে বা খাবার এড়িয়ে চললে পরবর্তীতে একসঙ্গে অতিরিক্ত খাবার খাওয়ার প্রবণতা তৈরি হয়। পেট ভরে একসঙ্গে অনেক খাবার খেলে পাকস্থলী প্রসারিত হয়, যা অ্যাসিডিটির ঝুঁকি উসকে দেয়। এর বদলে নির্দিষ্ট সময় পরপর পরিমিত ও সুষম খাবার খাওয়ার অভ্যাস গড়ে তোলা ভালো। ধীরেসুস্থে চিবিয়ে খেতে হবে এবং পেট পুরোপুরি ভরে যাওয়ার আগেই খাওয়া বন্ধ করতে হবে।
ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবারের বাড়াবাড়ি
সমুচা, পাকোড়া, পুরি, ঘন ঝোলের তরকারি কিংবা ডুবো তেলে ভাজা মুখরোচক খাবার অনেকেরই পছন্দের। কিন্তু ‘রিসার্চগেট’-এ প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, উচ্চ চর্বিযুক্ত খাবার পাকস্থলী থেকে খাবার খালি হওয়ার গতি কমিয়ে দেয়, ফলে অ্যাসিডিটির সমস্যা আরও প্রকট হতে পারে।
সব ধরনের চর্বি পুরোপুরি বাদ না দিয়েও ভাজাপোড়া ও অতিরিক্ত তেল-চর্বিযুক্ত খাবার কমিয়ে ভাপানো, গ্রিল করা বা হালকা রান্নার খাবারে অভ্যস্ত হওয়া উচিত।
কড়া মসলা ও ঝালের অতিরিক্ত ব্যবহার
ঝাল কারি, চাটনি কিংবা অতিরিক্ত মসলাদার নাশতা কারও কারও ক্ষেত্রে বুক জ্বালাপোড়ার কারণ হয়ে দাঁড়ায়, যদিও সবার শরীর মসলায় একইভাবে সাড়া দেয় না। ঝাল বা মসলা খেলে জ্বালাপোড়া বাড়লে মরিচ ও কড়া মসলার পরিমাণ কমিয়ে আনা জরুরি।
সব মসলাই যে ক্ষতি করে তা নয়; বরং নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝে কোন খাবারটি সমস্যা বাড়াচ্ছে তা চিহ্নিত করে খাদ্যাভ্যাসে সমন্বয় করা প্রয়োজন।
মিষ্টি ও চকোলেটযুক্ত ভারী ডেজার্ট খাওয়া
মিষ্টি, কেক, চকোলেট এবং অন্যান্য ভারী মিষ্টান্ন বেশি পরিমাণে খেলে পেটে অস্বস্তি তৈরি হতে পারে—বিশেষ করে ভরা পেটে বা ভারী খাবারের ঠিক পরেই এগুলো খেলে সমস্যা বাড়ে। কারও কারও ক্ষেত্রে চকোলেট অম্বল বা রিফ্লাক্স শুরু করতে পারে। তাই একবারে অনেক ডেজার্ট না খেয়ে অল্প পরিমাণে খাওয়া এবং মিষ্টি বা ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে না পড়া উচিত।
চা, কফি ও কার্বোনেটেড পানীয়র আধিক্য
অতিরিক্ত চা, কফি বা কোমল পানীয় অ্যাসিডিটির লক্ষণগুলোকে আরও জটিল করে তুলতে পারে। কার্বোনেটেড পানীয়ের কারণে ঢেকুর ওঠা ও পেট ফাঁপার মতো অস্বস্তি হয়, আর ক্যাফেইন—বিশেষ করে খালি পেটে—অনেকের ক্ষেত্রে অ্যাসিডিটি বাড়ায়। পর্যাপ্ত পানি পানের পাশাপাশি এসব পানীয় নিয়ে নিজের সহনশীলতার মাত্রা বোঝা জরুরি। প্রয়োজন হলে পরিমাণ কমিয়ে পরিমিত মাত্রায় গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ।
রাতে খেয়েই সরাসরি বিছানায় যাওয়া
অফিসিয়াল জার্নাল অফ দ্য আমেরিকান কলেজ অফ গ্যাস্ট্রোএন্টারোলজিতে প্রকাশিত এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, রাতে ভারী খাবার খাওয়ার পরপরই শুয়ে পড়লে পাকস্থলীর খাবার বা অ্যাসিড খাদ্যনালীতে ফিরে আসার আশঙ্কা বেড়ে যায়।
তাই ঘুমানোর অন্তত তিন ঘণ্টা আগে রাতের খাবার সেরে ফেলা উচিত। খাওয়ার পর কিছুক্ষণ সোজা হয়ে বসে থাকা বা হালকা হাঁটা উপকারী হলেও ভারী খাবারের পরপরই কঠিন ব্যায়াম বা অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা ভালো। রাতে রিফ্লাক্সের প্রবণতা থাকলে বিছানার মাথার দিক কিছুটা উঁচু করে রাখলে স্বস্তি মিলতে পারে।
আসল কারণ উপেক্ষা করে কেবল ঘরোয়া টোটকায় নির্ভর করা
অম্বল বা অ্যাসিডিটি কমাতে অনেকেই লেবু পানি, ভিনেগার বা পুদিনা পাতার পানীয়ের মতো ঘরোয়া উপায়ের ওপর ভরসা করেন। কিন্তু এসব সবসময় সবার জন্য উপকারী নয়; বরং লেবুর রস ও ভিনেগার নিজেই অম্লীয় হওয়ায় এবং পুদিনা পাতা কারও কারও ক্ষেত্রে রিফ্লাক্স বাড়িয়ে দেওয়ায় সমস্যা আরও খারাপ হতে পারে।
উপসর্গ তীব্র হলে বারবার ঘরোয়া পদ্ধতি নিয়ে পরীক্ষা না চালিয়ে এবং ঘনঘন ওষুধের প্রয়োজন হলে নিজ থেকে ওষুধ না খেয়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত।
সান নিউজ / রাজীব
