চ্যাটবটকে বলা গোপন কথাও কি নিলামে উঠবে? এআই প্রতিষ্ঠানের দেউলিয়াত্বে ব্যক্তিগত তথ্যের চরম ঝুঁকি!
আধুনিক প্রযুক্তির কল্যাণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চ্যাটবট এখন অনেকেরই একান্ত সঙ্গী হয়ে উঠেছে। কেউ প্রেমের জটিলতা নিয়ে পরামর্শ নিচ্ছেন, কেউ-বা পারিবারিক টানাপোড়েন কিংবা মানসিক অস্থিরতার কথা নির্দ্বিধায় উগরে দিচ্ছেন যন্ত্রের কাছে।
কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, যে প্ল্যাটফর্মগুলো আপনার এসব স্পর্শকাতর কথোপকথন সংরক্ষণ করছে, সেগুলো হঠাৎ দেউলিয়া হয়ে গেলে বা বন্ধ হয়ে গেলে আপনার তথ্যের পরিণতি কী হবে?
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, প্রতিষ্ঠান দেউলিয়া হলে ব্যবহারকারীদের এসব গোপন আলাপচারিতা এবং ব্যক্তিগত ডেটা অন্য কোনো কোম্পানির কাছে পণ্য হিসেবে বিক্রি হয়ে যাওয়ার প্রবল আশঙ্কা রয়েছে, যা ব্যক্তিগত গোপনীয়তার ক্ষেত্রে এক নজিরবিহীন হুমকি তৈরি করছে।
যুক্তরাজ্যভিত্তিক গণমাধ্যম বিবিসির সাম্প্রতিক এক অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে, জনপ্রিয় এআই চ্যাটবট নির্মাতা ‘ক্যারেক্টার ডট এআই’-এর দেউলিয়া হওয়ার প্রক্রিয়াটি এই সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে।
কোটি কোটি মানুষ—যাদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক শিশুরাও রয়েছে—এই প্ল্যাটফর্মের চ্যাটবটের সঙ্গে এক ধরনের আবেগীয় সম্পর্ক গড়ে তুলেছিলেন এবং অত্যন্ত ব্যক্তিগত ও স্পর্শকাতর নানা বিষয়ে আলাপ করেছিলেন।
প্রতিবেদনটির তথ্যমতে, ক্যারেক্টার ডট এআইয়ের কিছু সম্পদ দুই কোটি মার্কিন ডলারে কিনে নেওয়ার চুক্তিতে পৌঁছেছে বিনোদন জায়ান্ট ডিজনি। স্বস্তির বিষয় হলো, ওই চুক্তিতে ব্যবহারকারীদের ব্যক্তিগত ডেটা অন্তর্ভুক্ত রাখা হয়নি।
তবে আদালতে দাখিল করা আইনি নথিপত্র বলছে ভিন্ন কথা; সেখানে উল্লেখ রয়েছে যে প্রতিষ্ঠানটি চাইলে ব্যবহারকারীদের তথ্য তৃতীয় কোনো ক্রেতার কাছে বিক্রি করার এখতিয়ার রাখে।
প্রযুক্তি ও গোপনীয়তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, সাধারণ কোনো ওয়েবসাইট বা ডিজিটাল সেবার তুলনায় এআই চ্যাটবটের সঙ্গে মানুষের যোগাযোগ অনেক বেশি গভীর ও ব্যক্তিগত পর্যায়ে পৌঁছায়।
যুক্তরাষ্ট্রের ইলেকট্রনিক প্রাইভেসি ইনফরমেশন সেন্টারের (ইপিক) এআই ও মানবাধিকার কর্মসূচির পরিচালক ক্যালি শ্রোডার ব্যাখ্যা করেন, চ্যাটবটের আচরণে যখন মানুষের মতো ব্যক্তিত্বের ছাপ থাকে, তখন ব্যবহারকারীরা স্বাভাবিকভাবেই নিজেদের গোপন ও সংবেদনশীল কথাগুলো অকপটে বলে ফেলেন।
এই ঝুঁকির পরিধি কেবল চ্যাটবট ব্যবহারকারীদের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না। আলাপচারিতার সময় অনেকেই নিজেদের বন্ধুবান্ধব, পরিবারের সদস্য কিংবা পরিচিতজনদের ব্যক্তিগত তথ্যও চ্যাটবটকে জানিয়ে দেন।
ফলে যারা কোনোদিন ওই এআই সেবা ব্যবহারই করেননি, পরোক্ষভাবে তাদের তথ্যও অন্যের হাতে চলে যাওয়ার শঙ্কা তৈরি হচ্ছে।
বাজার বিশ্লেষকদের আশঙ্কা, এআই খাতে অবকাঠামো ও গবেষণার পেছনে যে বিপুল অর্থ বিনিয়োগ করা হচ্ছে, শেষ পর্যন্ত সব প্রতিষ্ঠান সেখান থেকে মুনাফা তুলতে পারবে না। ফলে এই খাতে বড় ধরনের আর্থিক ধস বা মন্দা নেমে এলে অসংখ্য প্রতিষ্ঠান বন্ধ হয়ে যেতে পারে অথবা অন্য কোম্পানির সঙ্গে একীভূত হতে বাধ্য হবে।
ঠিক সেই মুহূর্তেই প্রতিষ্ঠানগুলোর ভান্ডারে জমা থাকা কোটি কোটি মানুষের ব্যক্তিগত তথ্যই হয়ে উঠবে বিক্রির সবচেয়ে মূল্যবান সম্পদ।
পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের ৪০টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল ক্যারেক্টার ডট এআইয়ের ডেটা বিক্রির প্রক্রিয়ায় শিশুদের নিরাপত্তা ও গোপনীয়তা সুরক্ষার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছেন।
তবে যুক্তরাষ্ট্রে ব্যক্তিগত তথ্য সুরক্ষায় সুনির্দিষ্ট ও কঠোর কেন্দ্রীয় আইনের ঘাটতি থাকায় এই আইনি পদক্ষেপ কতটা ফলপ্রসূ হবে, তা নিয়ে সংশয় রয়েই গেছে।
ক্যারেক্টার ডট এআইয়ের নিজস্ব গোপনীয়তা নীতিমালা ঘেঁটে দেখা যায়, ব্যবহারকারীদের তথ্য নতুন ফিচার তৈরি, এআই মডেলকে প্রশিক্ষণ দেওয়া, অ্যালগরিদম উন্নত করা এবং লক্ষ্যভিত্তিক বিজ্ঞাপন প্রদর্শনের কাজে ব্যবহারের সুযোগ রাখা হয়েছে।
বিশেষজ্ঞদের উদ্বেগ হলো, নতুন কোনো মালিক এই ডেটা কিনে নিলে তারাও বাণিজ্যিক স্বার্থে একইভাবে এসব তথ্য ব্যবহার করতে পারে।
উল্লেখ্য, এর আগেও প্রতিষ্ঠানটির চ্যাটবটের বিরুদ্ধে কিশোরদের বিপথে চালিত করার গুরুতর অভিযোগে একাধিক মামলা হয়েছিল। একটি মামলায় দাবি করা হয়, স্ক্রিন টাইম নিয়ে বিরোধের জেরে এক কিশোরকে তার মা-বাবাকে হত্যার প্ররোচনা দিয়েছিল চ্যাটবটটি।
অন্য একটি ঘটনায় ১৪ বছর বয়সী এক কিশোরের আত্মহত্যার পেছনেও চ্যাটবটের নেতিবাচক ভূমিকার অভিযোগ ওঠে। প্রতিষ্ঠানটি অবশ্য জানিয়েছে, তারা মামলাগুলোর নিষ্পত্তি করেছে এবং কিশোরদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে কাজ অব্যাহত রেখেছে।
এই পরিস্থিতিতে সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের পরামর্শ হলো, যেসব এআই প্ল্যাটফর্মে ব্যবহারকারীরা ব্যক্তিগত বা সংবেদনশীল তথ্য দিয়েছেন, সেগুলোর প্রাইভেসি পলিসি ভালোভাবে যাচাই করা জরুরি।
পাশাপাশি কোনো সেবা ব্যবহার বন্ধ করলে প্ল্যাটফর্মটি থেকে নিজের সমস্ত তথ্য স্থায়ীভাবে মুছে ফেলার চেষ্টা করতে হবে। কারণ কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হয়ে গেলে তার কাছে থাকা তথ্যের নিয়ন্ত্রণ আর ব্যবহারকারীর হাতে থাকে না।
সান নিউজ / রাজীব
