‘বাঁচলে পরিবেশ বাঁচবে দেশ, দুর্যোগ হবে নিরুদ্দেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিবেশবাদী সামাজিক সংগঠন ‘পঞ্চগড় সবুজ আন্দোলন’-এর উদ্যোগে পরিবেশ বিপর্যয় রোধে সচেতনতামূলক আলোচনা সভা ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সদর উপজেলার টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় সবুজ আন্দোলন-এর সাধারণ সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম, দপ্তর সম্পাদক প্রভাষক ডা. মোঃ আব্দুল হাই এবং টুনিরহাট আদর্শ বালিকা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশিরুল আলম। এছাড়া সংগঠনের অন্যান্য সদস্য ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বর্তমান বিশ্বের ভয়াবহ পরিবেশ বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তারা বলেন, পরিবেশ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ রোধে প্রতিটি নাগরিককে সচেতন হওয়ার পাশাপাশি নির্বিচারে বৃক্ষনিধন বন্ধ করার আহ্বান জানানো হয়। বক্তারা আরও বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর গাছ পরিহার করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করতে হবে এবং দৈনন্দিন জীবনে প্লাস্টিকের ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনতে হবে। গাছ যেমন একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, অন্যদিকে পুষ্টির চাহিদা পূরণ ও অর্থনৈতিক সচ্ছলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলমূল, ফুল, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
সাননিউজ/বান্না
