কুড়িগ্রামের উলিপুরে বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনার দায়ে তিন ব্যবসায়ীকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার তিনটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তরা হলেন, তেতুলতোলা এলাকার বেকারির মালিক জাহেদুল ইসলাম রাজু, যোদ্দারপাড়া এলাকার পাবনা ভাগ্যলক্ষী সুইটসের মালিক রনি মোদক এবং কাচারীপাড়া এলাকার পাবনা বনফুল সুইটসের মালিক শম্ভুনাথ ঘোষ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান ৩টি বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়াই পণ্যের মোড়কে বিএসটিআইয়ের লোগো ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে আসছিল। এ অপরাধের দায়ে বিএসটিআই আইন, ২০১৮-এর ১৫ (১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৭ ধারায় জাহেদুল ইসলাম রাজুকে ৩০ হাজার, রনি মোদককে ৩৫ হাজার এবং শম্ভুনাথ ঘোষকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। তিন ব্যবসায়ীর কাছ থেকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযানে প্রসিকিউশন পরিচালনা করেন, বিএসটিআই রংপুরের পরিদর্শক খন্দকার মো. জামিনুর রহমান। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উলিপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হাসান।
সাননিউজ/বান্না
