পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে বাড়ির সামনে নিজের অটোরিকশায় বসে থাকা অবস্থায় নির্মাণসামগ্রী বোঝাই ট্রাকের ধাক্কায় নজরুল শেখ (৪৫) নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত নজরুল শেখ ওই গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় নজরুল শেখ বাড়ির সামনে নিজের অটোরিকশায় বসে ছিলেন। এ সময় নির্মাণসামগ্রী বোঝাই একটি ট্রাক পেছনের দিকে যাওয়ার সময় তাঁর অটোরিকশায় সজোরে ধাক্কা দেয়। এতে তিনি অটোরিকশা থেকে ছিটকে সড়কে পড়ে যান। পরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে পিরোজপুর সদর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাড়ির সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনায় স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সাননিউজ/বান্না
