বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলীয় জনপদের অপূরণীয় ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণ এবং চলমান বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ) উপকূলের ন্যায্য দাবি তুলে ধরার আহ্বানে শরণখোলায় ব্যতিক্রমী ‘ক্লাইমেট স্ট্রাইক’ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) সকালে উপজেলার নদীভাঙ্গন কবলিত এলাকা গাবতলায় বলেশ্বর নদীর তীরবর্তী বেড়িবাঁধে এ ক্লাইমেট স্ট্রাইক আয়োজন করে কোস্ট ইয়ুথ। টেকসই বেড়িবাঁধ ও জলবায়ু ন্যায্যতার দাবিগুলোর সাথে একাত্মতা প্রকাশ করে তরুণদের সাথে ক্লাইমেট স্ট্রাইকে এলাকাবাসী ও শতাধিক ভুক্তভোগী অংশগ্রহণ করেন।
এ সময় বিক্ষুব্ধরা জলবায়ু ন্যায্যতার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন হাতে বিক্ষোভ মিছিল বের করেন।
সমাবেশে কোস্ট ইয়ুথ এর নির্বাহী সম্পাদক মোঃ শাহাদাত হোসাইন বলেন, ‘বাঁধ ভাঙ্গলে ঘর ভাঙ্গে, উপকূলবাসী কোথায় থাকে?’ তিনি আরও বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণ ও জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত এবং শিল্পোন্নত দেশগুলো দায়ী হলেও এর ভয়াবহ মাশুল দিচ্ছে বাংলাদেশের। আর জলবায়ু পরিবর্তনের সরাসরি ভুক্তভোগী উপকূলে বসবাসরত মানুষ। ঘন ঘন ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও তীব্র লবণাক্ততার কারণে উপকূলবাসীর জীবন-জীবিকা, কৃষিজমি ও বাস্তুভিটা আজ চরমভাবে বিপন্ন। চলমান কপ সম্মেলনে বাংলাদেশের উপকূলকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ ও নদীশাসন ব্যবস্থা কার্যকর করার দাবি জানান তিনি।
ক্লাইমেট স্ট্রাইকে একাত্মতা প্রকাশ করে ভুক্তভোগীদের মধ্যে আলমগীর হাওলাদার বলেন, ‘টেকসই বেড়িবাঁধ আমাদের অধিকার, নিরাপদ উপকূল সবার দরকার।’
উপকূলে বসবাসরত আসলাম হাওলাদার বলেন, ‘ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ চাই, নদীশাসনের বাস্তবায়ন চাই।’
জলবায়ুকর্মী হাসান শরীফ বলেন,‘উপকূল কোনো অবহেলার জায়গা নয়, উপকূলবাসীর নিরাপত্তা বিলাসিতা নয়।’
জলবায়ুকর্মী ইলিয়াছ বলেন, ‘উপকূলের কান্না শুনতে হবে, জলবায়ু ন্যায্যতা দিতে হবে।’
তরুণদের সাথে একাত্মতা প্রকাশ করে সাউথখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল আলম লিটন বলেন, জলবায়ু ন্যায্যতা আমাদের দাবি, নিরাপদ উপকূল আমাদের অধিকার। উপকূল রক্ষায় টেকসই বেড়িবাঁধ ও নদীশাসনের বিকল্প নেই।
সাননিউজ/বান্না
