বাগেরহাটের মোরেলগঞ্জে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে গ্রামীণ জনপদে বাড়ছে নির্বাচনী উত্তাপ। দিন যত ঘনিয়ে আসছে, সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা, গণসংযোগ ও ভোটারদের সঙ্গে যোগাযোগ ততই বাড়ছে। নির্বাচন সামনে রেখে চায়ের দোকান, হাটবাজার ও পাড়া-মহল্লায় চলছে প্রার্থী ও সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা। তবে সাধারণ ভোটারদের প্রত্যাশা—ব্যক্তিগত প্রতিশ্রুতি নয়, এলাকার উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে পারবেন এমন জনপ্রতিনিধিকেই বেছে নিতে চান তাঁরা।
উপজেলার হোগলাপাশা ইউনিয়নের বাসিন্দারা আগামী দিনে একটি উন্নত, নিরাপদ ও বাসযোগ্য ইউনিয়ন গড়ার স্বপ্ন দেখছেন। তাঁদের প্রধান দাবির মধ্যে রয়েছে রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির সংকট নিরসন, খাল খনন, মাদক নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের জন্য সহজলভ্য নাগরিক সেবা নিশ্চিত করা। পাশাপাশি অতীতে ইউনিয়নের শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখা জনপ্রতিনিধিদের অবদানের কথাও স্মরণ করছেন অনেকে।
সরেজমিনে জানা গেছে, প্রাচীন ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ হোগলাপাশা ইউনিয়ন একটি কৃষিনির্ভর জনপদ। এখানে বিভিন্ন ধরনের ফসল উৎপাদিত হয়। অর্থনৈতিকভাবেও ইউনিয়নটির রয়েছে বিশেষ পরিচিতি। উপজেলার সবচেয়ে বড় সুপারির বাজার হিসেবে পরিচিত বৌলপুর বাজার এ ইউনিয়নেই অবস্থিত।
আটটি গ্রাম নিয়ে গঠিত এ ইউনিয়নে পরিবারের সংখ্যা ৩ হাজার ৭৫২টি। জনসংখ্যা প্রায় সাড়ে ১৬ হাজার এবং মোট ভোটার ১০ হাজার ৭০ জন।
আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির একাধিক নেতা দলীয় সমর্থন প্রত্যাশা করছেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর একজন এবং স্বতন্ত্রভাবে আরও কয়েকজন সম্ভাব্য প্রার্থী মাঠে রয়েছেন। আলোচনায় থাকা প্রার্থীদের মধ্যে রয়েছেন—হোগলাপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি ও পাঁচবার নির্বাচিত স্বর্ণপদকপ্রাপ্ত সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক খেলাফত হোসেন খসরু, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিববুল্লাহ ইমরান, স্বতন্ত্র প্রার্থী ও সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস হোসেন এবং তরুণ সমাজসেবক মুহিবউর রহমান লনী। এ ছাড়া আরও দু-একজনের প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে।
মফিজুল হক: পাঁচবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক বলেন, নিজের হাতে গড়ে তোলা এ ইউনিয়নের রাস্তাঘাট নির্মাণ, রাস্তার দুই পাশে সামাজিক বনায়ন এবং নিরক্ষরমুক্ত ইউনিয়ন গড়ে তুলতে তিনি কাজ করেছেন। শিক্ষার প্রসারে তৎকালীন পাবলিক পাঠাগার প্রতিষ্ঠায়ও ভূমিকা রেখেছেন।
তিনি জানান, এসব কাজের স্বীকৃতিস্বরূপ তৎকালীন রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৮০ সালে তাঁকে দুবার স্বর্ণপদক উপহার দেন। ১৯৭২ সালে রিলিফ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পর ১৯৭৩ সালে প্রথমবার চেয়ারম্যান নির্বাচিত হন। পরবর্তী সময়ে মোট পাঁচবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ছাত্ররাজনীতি থেকে বিএনপির রাজনীতিতে যুক্ত হয়ে বিভিন্ন সময়ে উপজেলা বিএনপির সভাপতি ও আহ্বায়কসহ একাধিক দায়িত্ব পালন করেছেন বলেও জানান তিনি। দলীয় সমর্থন পেলে দলের নির্দেশনা অনুযায়ী নির্বাচনে অংশ নেবেন। অতীতের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে ভোটাররা তাঁকে স্মরণ রেখেছেন উল্লেখ করে তিনি বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন।
খেলাফত হোসেন খসরু: ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা খেলাফত হোসেন খসরু বলেন, ১৯৯০ সালে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তিনি সক্রিয় ভূমিকা পালন করেছেন। এ কারণে তাঁকে ও তাঁর পরিবারকে বিভিন্ন সময় হামলা-মামলার শিকার হতে হয়েছে বলে দাবি করেন তিনি।
তিনি আরও জানান, টানা ১৫ বছর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। দলীয় সমর্থন এবং সাধারণ ভোটারদের সমর্থন নিয়ে নির্বাচিত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এস এম মহিববুল্লাহ ইমরান: হোগলাপাশা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি এস এম মহিববুল্লাহ ইমরান বলেন, ইউনিয়নের সাধারণ মানুষের নাগরিক সেবা নিশ্চিত করা এবং গ্রামীণ অবকাঠামো, বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন তাঁর পরিকল্পনার অন্যতম লক্ষ্য। ৫ আগস্টের পর এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের পাশে ছিলেন বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, একটি আলিম মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটারের সুপারিশের মাধ্যমে সরকারি অর্থায়নে ১ কোটি ২৮ লাখ টাকার বেশি ব্যয়ে একটি ঊর্ধ্বমুখী ভবন নির্মাণের কাজ চলমান রয়েছে। নির্বাচিত হলে ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।
ইলিয়াস হোসেন: সাবেক ইউপি চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস হোসেন বলেন, ২০১১ সালে এ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৩ সালে শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক লাভ করেন। দায়িত্ব পালনকালে সামাজিক বনায়ন ও রাস্তাঘাট নির্মাণসহ এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছেন।
তবে পরবর্তী সময়ে অনেক অসমাপ্ত কাজ বাস্তবায়িত হয়নি বলে দাবি করেন তিনি। নির্বাচিত হলে মাদক নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাটের উন্নয়নে বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করার পরিকল্পনার কথা জানান এ প্রার্থী।
মুহিবউর রহমান লনী: তরুণ সমাজসেবক ও স্বতন্ত্র প্রার্থী মুহিবউর রহমান লনী বলেন, তিনি কোনো দলীয় সমর্থনের প্রার্থী হিসেবে নয়, সাধারণ মানুষের প্রার্থী হতে চান। পারিবারিকভাবেও এলাকার মানুষের সঙ্গে তাঁদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তাঁর চাচা আব্দুল মান্নান একসময় ইউনিয়নের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
তিনি জানান, ঘূর্ণিঝড় সিডরের পর রেডক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে ত্রাণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। ৫ আগস্টের পর নিজের উদ্যোগে আবেদনের পরিপ্রেক্ষিতে এলাকায় চার কিলোমিটার ব্লক রাস্তা নির্মাণের জন্য সরকারি অর্থ বরাদ্দ হয়েছে। এ ছাড়া তিন একর জমির ওপর পার্ক নির্মাণের টেন্ডার প্রক্রিয়া চলমান এবং এক হাজার পরিবারকে বিদ্যুৎ সরবরাহের আওতায় নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।
সুপেয় পানির সংকট নিরসনে এক হাজার পানির ট্যাংকের জন্য আবেদন করেছেন বলেও জানান। নির্বাচিত হলে ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা অবশিষ্ট রাখবেন না—এমন প্রতিশ্রুতিও দেন তিনি।
সব মিলিয়ে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে হোগলাপাশায় সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে বেছে নেবেন, তা নির্ভর করবে তাঁদের প্রত্যাশা, প্রার্থীদের অতীত কর্মকাণ্ড, যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার ওপর।
স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচিত জনপ্রতিনিধি রাস্তাঘাটের উন্নয়ন, সুপেয় পানির নিশ্চয়তা, খাল খনন, মাদক নিয়ন্ত্রণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ ইউনিয়নের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। তাঁদের কাছে নির্বাচন শুধু জনপ্রতিনিধি বেছে নেওয়ার বিষয় নয়; বরং হোগলাপাশার আগামী দিনের উন্নয়ন ও বাসযোগ্য ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
সাননিউজ/বান্না
