গতকাল শুক্রবার হাতিয়া গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের ১৩ নভেম্বর কুড়িগ্রামের উলিপুর উপজেলার ব্রহ্মপুত্র নদের তীরবর্তী হাতিয়া ইউনিয়নে সংঘটিত হয়েছিল নৃশংস হাতিয়া গণহত্যা। মুক্তিযুদ্ধের ইতিহাসে এ দিনটি এই অঞ্চলের মানুষের কাছে এক শোকাবহ ও বেদনাবিধুর স্মৃতি।
১৯৭১ সালের ১৩ নভেম্বর ভোররাতে উলিপুরের হাতিয়া ইউনিয়নের দাগারকুটি, রামখানা, হাতিয়া বকশী, হাতিয়া ভবেশ ও নয়াডারা গ্রামে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় রাজাকার, আলবদর ও আলশামস বাহিনীর সহযোগিতায় অতর্কিত হামলা চালায়।
মুক্তিযোদ্ধাদের আশ্রয় দেওয়ার অভিযোগে পাঁচ গ্রামের নিরস্ত্র মানুষকে ধরে নিয়ে নির্বিচারে হত্যাযজ্ঞ চালানো হয়। স্থানীয় বর্ণনা অনুযায়ী, প্রায় ৬৯৭ জন মানুষ এ গণহত্যার শিকার হন। প্রায় ১২ ঘণ্টাব্যাপী এই হত্যাযজ্ঞে শিশু, নারী, যুবক ও বৃদ্ধ কেউই রেহাই পাননি। হত্যাকাণ্ডের পাশাপাশি চলে বাড়ি-ঘরে অগ্নিসংযোগ ও লুটপাট।
কালের পরিক্রমায় ব্রহ্মপুত্র নদের ভাঙনে গণহত্যার মূল স্থান ও আগের স্মৃতিসৌধ বিলীন হয়ে গেছে। বর্তমানে অনন্তপুর বাজারের পশ্চিম পাশে নির্মিত স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ ও স্থানীয় বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
এদিকে, দীর্ঘদিনের এই ঐতিহাসিক ক্ষত ও শহীদদের আত্মত্যাগের স্মৃতি জাতীয় পর্যায়ে তুলে ধরতে হাতিয়া গণহত্যা দিবসকে রাষ্ট্রীয়ভাবে পালনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও শহীদ পরিবারের সদস্যরা।
শহীদদের স্মরণে আজও শোকাহত হাতিয়ার মানুষ। তাঁদের দাবি, হাতিয়া গণহত্যার ইতিহাস সংরক্ষণ, শহীদদের যথাযথ স্বীকৃতি এবং দিবসটিকে জাতীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া হোক।
সাননিউজ/বান্না
