পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ডান চোখে জটিল চিকিৎসা সম্পন্ন হয়েছে। চোখের দৃষ্টিশক্তি সংক্রান্ত জটিলতা দেখা দেওয়ায় গত ১০ নভেম্বর রাতে তাকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রাওয়ালপিন্ডির বিখ্যাত আদিয়ালা কারাগার থেকে রাজধানী ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিমস) হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর তার ডান চোখে বিশেষ ‘অ্যান্টি-ভিইজিএফ’ ইনজেকশন প্রয়োগ করা হয়। চিকিৎসা প্রক্রিয়া শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই গভীর রাতে, প্রায় আড়াইটার দিকে তাকে পুনরায় কারাগারের প্রকোষ্ঠে ফিরিয়ে নেওয়া হয়।
ইমরান খানের হঠাৎ এই স্বাস্থ্যগত অবনতি ও কারা অভ্যন্তরে তার চিকিৎসা প্রক্রিয়াকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই ঘটনায় গভীর শঙ্কা প্রকাশ করেছে।
দলটির পক্ষ থেকে জোরালো দাবি জানানো হয়েছে যেন অবিলম্বে ইমরান খানের পরিবার এবং তার নিজস্ব চিকিৎসকদের অবাধে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়। দলের অভিযোগ, সঠিকভাবে ইমরান খানের চোখের চিকিৎসা হয়নি। চরম অবহেলার শিকার সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। অভিযোগ তার দল পিটিআই ও পরিবারের । অন্যদিকে, সরকারের দায়িত্বশীল মহল ও কারাকর্তৃপক্ষের দাবি, বন্দি হলেও তাঁর সুচিকিৎসার ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ যত্নশীল এবং তাঁকে কোনো ধরনের অবহেলা করা হচ্ছে না।
আইনজীবী ও সরকারি সূত্রগুলোর বরাত দিয়ে জানা গেছে যে, ইমরান খান বর্তমানে ‘সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন’ (CRVO) নামক এক গুরুতর চোখের সমস্যায় ভুগছেন, যার ফলে তার ডান চোখের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য খাতের আনুষ্ঠানিক তথ্য অনুযায়ী, সিআরভিও এমন এক চিকিৎসাগত জটিলতা যেখানে চোখের রেটিনায় রক্ত সরবরাহকারী প্রধান শিরাটি অবরুদ্ধ বা ব্লক হয়ে যায়। এর ফলে স্বাভাবিক রক্তপ্রবাহ ব্যাহত হয় এবং চোখের ভেতরে তরল জমে ফুলে ওঠার পাশাপাশি রক্তক্ষরণের মতো মারাত্মক পরিস্থিতি তৈরি হতে পারে।
এর প্রত্যক্ষ ফল হিসেবে রোগীর দৃষ্টিশক্তি দ্রুত দুর্বল হয়ে পড়ে। সাধারণত ষাটোর্ধ্ব ব্যক্তিদের মধ্যে এ ধরনের চোখের সমস্যা জেঁকে বসার প্রবণতা বেশি দেখা যায়।
বিশিষ্ট চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইস ব্যাখ্যা করেছেন যে, এই রোগের তীব্রতা ও প্রতিক্রিয়া ব্যক্তিবিশেষে ভিন্ন হতে পারে। কারও ক্ষেত্রে হয়তো দৃষ্টিশক্তি সামান্য হ্রাস পায়, আবার কারোর ক্ষেত্রে আলোর উপস্থিতি টের পাওয়ার ক্ষমতাটুকুও চিরতরে লোপ পেতে পারে।
বিশেষ করে প্রথমবারের মতো এই সমস্যা দেখা দিলে দৃষ্টিশক্তি যতটা মারাত্মকরূপে ক্ষতিসাধন হয়, পরবর্তী সময়ে সেই হারানো দৃষ্টি সম্পূর্ণ ফিরিয়ে আনা বেশ দুরূহ ও প্রায় অসম্ভব হয়ে পড়ে।
সিআরভিও রোগের আধুনিক ও কার্যকরী চিকিৎসার মূল হাতিয়ার হলো চোখে ‘ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ’ বা বিশেষ রাসায়নিক ওষুধ প্রয়োগ করা। এই চিকিৎসায় চোখের ভেতরের জেলি সদৃশ অংশে সরাসরি সূক্ষ্ম উপায়ে ওষুধ পৌঁছে দেওয়া হয়।
ব্রিটিশ স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী, এই ইনজেকশনের মূল কাজ হলো রেটিনায় নতুন ও অপ্রয়োজনীয় দুর্বল রক্তনালিকা তৈরিতে বাধা দেওয়া এবং সেখান থেকে যেকোনো ধরনের তরল পদার্থের নিঃসরণ কমিয়ে আনা। এর ফলে চোখের ভেতরকার ফোলাভাব দ্রুত হ্রাস পায় এবং দৃষ্টিশক্তি যাতে আরও বেশি পরিমাণে মার না খায়, তা নিশ্চিত করা সম্ভব হয়।
চক্ষুরোগ বিশেষজ্ঞ ডা. হিরা আওয়াইসের মতে, রোগীর শারীরিক অবস্থা ও রেটিনার প্রতিক্রিয়ার ওপর নির্ভর করে ইনজেকশন দেওয়ার সঠিক সময়সূচি নির্ধারিত হয়। অনেক রোগীর ক্ষেত্রে প্রতি মাসে একবার এই সুচ প্রয়োগের প্রয়োজন পড়ে, আবার কিছু ক্ষেত্রে প্রায় দুই মাস বা ৬০ দিন পর পরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হয়।
চিকিৎসার সার্বিক অগ্রগতি নিখুঁতভাবে পরিমাপ করতে ‘ওসিটি’ (OCT) স্ক্যান পরীক্ষা ব্যবহার করা হয়, যার মাধ্যমে রেটিনার বর্তমান পুরুত্ব এবং ফোলাভাব যাচাই করে পুনরায় ইনজেকশন দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
এই পুরো থেরাপির প্রধান দুটি লক্ষ্য হলো চোখের ভেতরের অতিরিক্ত তরল ও ফোলাভাব নামিয়ে আনা এবং অপর্যাপ্ত রক্ত চলাচলের কারণে সৃষ্ট বড় ধরনের জটিলতা ঠেকানো। কেননা, রক্তপ্রবাহ কমে গেলে রেটিনায় তীব্র অক্সিজেনের সংকট তৈরি হয়, যা পরবর্তীতে দুর্বল নতুন রক্তনালিকা জন্ম দেওয়ায় উৎসাহিত করে।
এসব রক্তনালী অত্যন্ত নাজুক হওয়ায় সহজেই ফেটে রক্তক্ষরণ ঘটাতে পারে এবং রেটিনার অপূরণীয় ক্ষতিসাধন করতে পারে। ইনজেকশন প্রয়োগের মাধ্যমেই মূলত এই বিপজ্জনক চক্র প্রতিরোধ করা সম্ভব হয়।
এই বিশেষ চক্ষুট্রিটমেন্টের জন্য সাধারণত হাসপাতালে দীর্ঘ সময় ধরে ভর্তি থাকার কোনো প্রয়োজন হয় না। যুক্তরাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার গাইডলাইন অনুযায়ী, চোখের ভেতরের জেলি অংশে অত্যন্ত সতর্কতার সঙ্গে এই অ্যান্টি-ভিইজিএফ ওষুধ প্রবেশ করানো হয়।
পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে আনুমানিক পনেরো মিনিটের মতো সময় লাগলেও মূল ইনজেকশন দেওয়ার কাজটি সম্পন্ন হতে মোটে কয়েক সেকেন্ড সময় ব্যয় হয়।
প্রক্রিয়ার শুরুতে রোগীকে বিশেষ অবশ করার ড্রপ দেওয়া হয় যাতে কোনো ধরনের কষ্ট বা ব্যথা অনুভূত না হয়। এরপর চোখ সম্পূর্ণ পরিষ্কার করে একটি বিশেষ ছোট যন্ত্রের সাহায্যে চোখের পাতা খোলা রাখা হয়, যাতে নড়াচড়া না ঘটে। পরবর্তীতে অত্যন্ত সূক্ষ্ম ও নিখুঁত সুচের মাধ্যমে নির্দিষ্ট ওষুধ প্রয়োগ করা হয়। +
ডা. হিরা আওয়াইস উল্লেখ করেছেন যে, পাকিস্তানে সাধারণত ছোট ছোট অপারেশন থিয়েটার বা ওটিতে এই ধরনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়ে থাকে; তবে পর্যাপ্ত ও উন্নত জীবাণুমুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে বিশেষায়িত ক্লিনিকেও এই চিকিৎসা সফলভাবে দেওয়া সম্ভব। চিকিৎসা শেষে রোগীর চোখের ভেতরের চাপ পরীক্ষা করা হয় এবং সবকিছু স্বাভাবিক থাকলে রোগীকে সেদিনই বাড়ি ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
সান নিউজ / রাজীব
