কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের দীর্ঘ চার দশকের সঙ্গী। সময়ের পরিবর্তনে বদলে গেছে অনেক কিছু। গ্রামবাংলার হাটবাজারে গড়ে উঠেছে আধুনিক সেলুন, এসেছে নানা সুযোগ-সুবিধা। কিন্তু বদলায়নি বিমল চন্দ্র দাসের কর্মজীবন।
দীর্ঘ ৪০ বছর ধরে রাস্তার ধারে বসেই নরসুন্দরের কাজ করে জীবিকা নির্বাহ করছেন তিনি। বর্তমানে প্রতিদিনের আয় মাত্র ২০০ থেকে ৩০০ টাকা। এই সামান্য উপার্জন দিয়েই চলছে তাঁর চার সদস্যের সংসার।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাঁতি ইউনিয়নের ভেংড়ি গ্রামের বাসিন্দা বিমল চন্দ্র। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে পূর্ণিমাগাঁতি বাজারের রাস্তার পাশে বসে মানুষের চুল-দাঁড়ি কাটার কাজ করছেন। বাপ-দাদার পেশাকে অবলম্বন করেই শুরু হয়েছিল তাঁর কর্মজীবন। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় চার দশক। কিন্তু জীবনযাত্রার তেমন কোনো পরিবর্তন হয়নি। প্রতিদিন বাজারের রাস্তার পাশে নিজের কর্মস্থলে বসে ক্রেতার অপেক্ষা করেন তিনি। কেউ চুল কাটাতে আসেন, কেউ আসেন দাঁড়ি কামাতে। তাঁদের সেবা দিয়েই দিন শেষে যা আয় হয়, তা নিয়েই বাড়ি ফিরতে হয় বিমল চন্দ্রের।
তবে প্রতিদিন সমান কাজ থাকে না। কোনো দিন ক্রেতার সংখ্যা কিছুটা বেশি থাকে, আবার কোনো দিন কাজের অপেক্ষায় দীর্ঘ সময় পার করতে হয় তার। সব মিলিয়ে দৈনিক গড়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয় তাঁর। চার সদস্যের পরিবার নিয়ে তাঁর সংসার। পরিবারের ভরণপোষণ, খাবার ও দৈনন্দিন প্রয়োজন মেটাতে এই সামান্য আয়ই একমাত্র অবলম্বন। বর্তমান বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়লেও তাঁর উপার্জন নির্ভর করে প্রতিদিনের ক্রেতার ওপর। ফলে আয় কম হলে সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়ে।
বিমল চন্দ্রের সঙ্গে কথা হলে তিনি জানান, বাপ-দাদার পেশা হিসেবে নরসুন্দরের কাজ বেছে নিয়েছি। প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ টাকা আয় হয়। এ আয় দিয়েই চার সদস্যের পরিবার নিয়ে দীর্ঘদিন ধরে সংসার চালিয়ে আসছি। কাজের ওপর নির্ভর করেই হয় প্রতিদিনের উপার্জন হয়। একসময় যে পেশা ছিল গ্রামীণ জনপদের মানুষের নিত্যপ্রয়োজনীয় সেবার অন্যতম মাধ্যম, আধুনিকতার সঙ্গে সেই পেশাতেও এসেছে পরিবর্তন। তাই কমেছে আয়-রোজগার।
সাননিউজ/বান্না
