ভোলার দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলামকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে। এ ঘটনায় ওসির সঙ্গে তাঁর কথোপকথনের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
ভাইরাল হওয়া ওই কল রেকর্ডে শোনা যায়, সাবেক মেয়রপুত্র ও সাবেক পৌর ছাত্রলীগ সভাপতি নবী নেওয়াজ আকাশ ওসিকে উদ্দেশ করে বলছেন, ‘কাল রাতে দেখছিলাম, এমন হয়। আপনি দৌলতখানে এরকম করতেছেন কেন? ছাত্রলীগের ছেলেদের বাড়িতে থাকতে দেবেন না? দৌলতখান উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা আমার দাদা। আমরা কিন্তু দৌলতখানে আসব। আপনি দৌলতখানে অতিথি। আমাদের শান্তিতে থাকতে দেন।’
এ সময় অপর প্রান্ত থেকে ওসি ফখরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কে কে নির্দেশ দিয়েছে, আপনাকে খোঁজ নেন। আপনার সঙ্গে পরে কথা বলব।’
এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম জানান, হঠাৎ করেই তাঁকে ফোন দিয়ে হুমকি দেওয়া হয়েছে। নবী নেওয়াজ আকাশের বিরুদ্ধে ভোলা সদর ও দৌলতখান থানায় নাশকতা ও চাঁদাবাজির মামলা রয়েছে। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সাননিউজ/বান্না
