বলিউড অঙ্গনে তারকা সন্তানদের নিয়ে জল্পনা-কল্পনার অন্ত নেই। এর মধ্যে অভিনেত্রী জাহ্নবী কাপুরের সৌন্দর্য এবং তার লুক পরিবর্তনের বিষয়টি নিয়ে অতীতে কম জল ঘোলা হয়নি।
তবে দীর্ঘ গুঞ্জন ও কানাঘুষার অবসান ঘটিয়ে এবার নিজের কসমেটিক সার্জারি বা নাকের অস্ত্রোপচার নিয়ে পুরোপুরি খোলামেলা কথা বলেছেন এই তরুণ তারকা।
কোনো রাখঢাক না রেখেই তিনি স্বীকার করে নিয়েছেন যে তিনি সার্জারি করিয়েছিলেন। একই সঙ্গে রূপচর্চায় তার কিংবদন্তি মা শ্রীদেবীর প্রভাব, মায়ের সাথে নানা স্মৃতি এবং রূপালি পর্দায় নিজের আসার পেছনের না বলা গল্পও শেয়ার করেছেন তিনি।
হাস্যরসাত্মক ছলে জাহ্নবী জানান, তার নাকের অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পরেই মূলত তার প্রয়াত মা শ্রীদেবী তার মাঝে অভিনয়ে সফল হওয়ার সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন।
জাহ্নবীর ভাষ্যমতে, ‘হয়তো আমার নাকের ওই সার্জারি করার পরই মার মনে হয়েছিল যে আমার মধ্যে অভিনয়ের দারুণ কোনো ভবিষ্যৎ লুকিয়ে আছে!’

অথচ এই বলিউড ডিভার রূপালি দুনিয়ায় পা রাখার ঠিক কয়েক মাস আগেই সবাইকে কাঁদিয়ে চিরবিদায় নেন ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের অন্যতম সেরা অভিনেত্রী শ্রীদেবী।
শুরুতে জাহ্নবীর সিনেমার জগতে প্রবেশ করার তীব্র বিরোধী ছিলেন তার মা। নিজের অভিজ্ঞতার আলোকেই হয়তো শ্রীদেবী চাইতেন না তার কন্যাও এই কঠিন গ্ল্যামার দুনিয়ার অংশ হোক। তবে জেদি জাহ্নবী একদিন নিজের সুপ্ত ইচ্ছার কথা অকপটে মাকে জানিয়ে দেন।
মেয়ের মুখে এমন বড় স্বপ্নের কথা শুনে প্রথমে বেশ খানিকটা ধাক্কা খেয়েছিলেন শ্রীদেবী। পরবর্তীতে অবশ্য মেয়ের ইচ্ছার প্রতি সম্মান জানিয়ে তিনি সম্মতি দেন এবং একটি কঠিন শর্ত জুড়ে দিয়ে বলেছিলেন, ‘ঠিক আছে, যদি আসতেই চাও তবে মনে রেখো—এই পেশার জন্য তোমাকে নিজের সম্পূর্ণ জীবনটা উজাড় করে দিতে হবে।’
মায়ের সেই ঐতিহাসিক উপদেশ ও অমূল্য স্মৃতিচারণ করতে গিয়েই নিজের নাকের অস্ত্রোপচারের প্রসঙ্গটি টেনে আনেন জাহ্নবী কাপুর।
সান নিউজ / রাজীব
