সুনামগঞ্জ প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানাধীন কাপনা কালিপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১০,৪০০ ঘনফুট অবৈধ বালু জব্দ করা হয়েছে। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের (মোবাইল কোর্ট) মাধ্যমে জব্দকৃত এই বালু প্রকাশ্য নিলামে বিক্রি করা হয়।
উপজেলা প্রশাসন ও বিশ্বম্ভপুর থানা পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি অসাধু চক্র নিয়মবহির্ভূতভাবে ওই এলাকায় বালু উত্তোলন ও মজুত করে আসছিল। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে কাপনা কালিপুর এলাকায় হঠাৎ অভিযান চালানো হয়। অভিযানে কাউকে হাতেনাতে ধরা না গেলেও ওই এলাকায় অবৈধভাবে মজুত করা অবস্থায় প্রায় ১০,৪০০ ঘনফুট বালুর সন্ধান মেলে।
পরে পরিবেশ রক্ষা ও সরকারি বিধিমালা বাস্তবায়নের অংশ হিসেবে মোবাইল কোর্ট বসিয়ে তাৎক্ষণিকভাবে জব্দকৃত বালু উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। নিলাম থেকে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, অবৈধ বালু উত্তোলন ও পরিবেশ ধ্বংসকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এলাকার আইনশৃঙ্খলা রক্ষা এবং প্রাকৃতিক সম্পদ সুরক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।
সাননউিজ/বান্না
