বাংলাদেশের অভিনয়জগতের এক উজ্জ্বল নক্ষত্র মিরানা জামান। দীর্ঘ অভিনয়জীবনে বেতার, টেলিভিশন, মঞ্চ ও চলচ্চিত্রে নিজের অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আজ বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই গুণী অভিনেত্রী। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছিল তাকে। চিকিৎসা শেষে বর্তমানে বাসায় ফিরেছেন তিনি।
সম্প্রতি তার শারীরিক অবস্থার খোঁজখবর নিতে যোগাযোগ করা হলে মিরানা জামান জানান, আগের তুলনায় এখন কিছুটা ভালো আছেন। তবে বয়সের কারণে নানা ধরনের অসুস্থতার মধ্য দিয়ে যেতে হচ্ছে তাকে। এ সময় সবার কাছে দোয়া চেয়ে তিনি বলেন, ‘দোয়া করবেন, যেন সুস্থভাবে আল্লাহর প্রিয় হতে পারি। জীবনের শেষ সময়টুকু যেন কারও মুখাপেক্ষী হয়ে কাটাতে না হয়। একদিন তো সবাইকেই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমার বিদায়টা যেন সুন্দর হয়, সবার কাছে এটাই আমার চাওয়া।’
১৯৩৬ সালের ২৫ ডিসেম্বর টাঙ্গাইলের করটিয়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন মিরানা জামান। দীর্ঘ জীবনে তিনি প্রত্যক্ষ করেছেন ব্রিটিশ ভারত, পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের নানা সময় ও পরিবর্তন। বয়সের হিসাবে ৯০ বছরের কাছাকাছি পৌঁছেও একসময় নিজের দৈনন্দিন কাজকর্মে বেশ সাবলীল ছিলেন তিনি। অবসর সময়ে ফিরে যান অতীতের নানা স্মৃতিতে।
১৯৬২ সালে বেতারের নেপথ্য শিল্পী হিসেবে সাংস্কৃতিক অঙ্গনে যাত্রা শুরু করেন মিরানা জামান। এরপর ১৯৬৮ সালে উর্দু চলচ্চিত্র ‘জাহা বাজে শেহনাই’-এর মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। বেতারের গ্রামীণ সচেতনতামূলক অনুষ্ঠানে ‘শায়লা বু’ চরিত্রে অভিনয় করে তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। চরিত্রটির মাধ্যমে দেশের অসংখ্য দর্শক-শ্রোতার কাছে পরিচিত হয়ে ওঠেন এই অভিনেত্রী।
বেতার থেকে টেলিভিশন, মঞ্চ থেকে চলচ্চিত্র—সব মাধ্যমেই দক্ষ অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘ধীরে বহে মেঘনা’, ‘ওরা ১১ জন’ ও ‘গেরিলা’। সর্বশেষ ‘শিখণ্ডীর কথা’ চলচ্চিত্রে অভিনয় করেছিলেন তিনি। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন ধরে অভিনয় থেকে দূরে রয়েছেন এই প্রবীণ শিল্পী।
জীবনের শেষ প্রান্তে এসে তার চাওয়া-পাওয়ার তালিকাও যেন অনেক ছোট হয়ে এসেছে। নেই কোনো বাড়তি প্রত্যাশা, নেই কোনো অভিযোগ। শুধু সুস্থভাবে বেঁচে থাকা এবং সম্মানজনকভাবে পৃথিবী থেকে বিদায় নেওয়ার আকাঙ্ক্ষা। তাই আবারও সবার কাছে দোয়া চেয়েছেন এই কিংবদন্তি অভিনেত্রী। জীবনের বাকি দিনগুলো যেন সুস্থতা, শান্তি ও মর্যাদার সঙ্গে কাটাতে পারেন—এটাই এখন তার একান্ত প্রার্থনা।
সাননিউজ / সুরাইয়া
