দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচের আগের দিন অনুশীলনে নেটে ব্যাটিং করার সময় বলের আঘাতে চোট পান মুশফিকুর রহিম। তাঁর অনুপস্থিতিতে বাংলাদেশের একাদশে জায়গা পেয়েছেন তাওহীদ হৃদয়।
মিরপুরের স্পিনসহায়ক উইকেটের কথা মাথায় রেখে তিন স্পিনার নিয়ে বোলিং আক্রমণ সাজিয়েছে স্বাগতিকরা। অভিজ্ঞ তাইজুল ইসলামের সঙ্গে স্পিন বিভাগে রয়েছেন নাঈম হাসান ও মেহেদী হাসান মিরাজ। পেস আক্রমণে দায়িত্ব পালন করবেন হাসান মাহমুদ ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম।
আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় বর্তমানে চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ। ফাইনালে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে চলতি চক্রে বাকি ছয়টি টেস্টের মধ্যে অন্তত চারটিতে জয় প্রয়োজন টাইগারদের।
তবে সিরিজ শুরুর আগে সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হিসাব-নিকাশ নিয়ে বাড়তি চাপ নিতে চান না তাঁরা। আপাতত দলের সব মনোযোগ মিরপুরে প্রথম টেস্ট জয়ের দিকেই।
অন্যদিকে, পয়েন্ট তালিকার অষ্টম স্থানে থাকা ওয়েস্ট ইন্ডিজের সামনে ফাইনালে ওঠার সমীকরণ না থাকলেও সেরা পাঁচে থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্র শেষ করাই দলটির অন্যতম লক্ষ্য।
বাংলাদেশের একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সাদমান ইসলাম, মুমিনুল হক, লিটন দাস, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও শরীফুল ইসলাম।
সান নিউজ/ রাব্বি
