একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পপির মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী। পারিবারিক সম্পর্কের সূত্র ধরে মরিয়ম বেগমকে নিজের শাশুড়ি হিসেবে উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন একটি পোস্ট দিয়েছেন তিনি।
পোস্টে মরিয়ম বেগমের স্মৃতিচারণ করে ওমর সানী লেখেন, ‘মৌসুমী আর পপি ফার্স্ট কাজিন, সেই সূত্র ধরে পপির মাও আমার আমার শাশুড়ি। ৯৭ থেকে তাকে আমি সব সময় আম্মা বলে ডাকতাম, উনি চলে গেলেন পৃথিবীর মায়া ছেড়ে। আল্লাহ জান্নাত নসিব করুন। ক্রমাগত ভাবে মুরুব্বীদেরকে হারাচ্ছি তারপর আমার যাওয়ার পালা।’
পোস্টের সঙ্গে পপি ও তাঁর মায়ের একটি ছবিও শেয়ার করেন এই অভিনেতা। তাঁর আবেগঘন বার্তায় মরিয়ম বেগমের সঙ্গে দীর্ঘদিনের পারিবারিক সম্পর্ক এবং স্বজন হারানোর গভীর বেদনা প্রকাশ পেয়েছে। পপির মায়ের মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনেও শোকের আবহ তৈরি হয়েছে।
জানা গেছে, দীর্ঘদিন ধরে কিডনি ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন মরিয়ম বেগম। সম্প্রতি রাজধানীর গুলশানের নিকেতনে নিজের বাসায় হঠাৎ স্ট্রোক করেন তিনি। পরে দ্রুত তাঁকে মগবাজারের একটি হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার রাতে তাঁর শারীরিক অবস্থার আরও অবনতি হলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে শেষ পর্যন্ত রাত দেড়টার দিকে হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সান নিউজ/ রাব্বি
