যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীকে থাপ্পড় মেরে কানে গুরুতর আঘাত করার ঘটনায় অভিযুক্ত তানভীরুল হককে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিনি বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। আহত শিক্ষার্থী জুয়েল আল ইমরান ফার্মেসি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্র।
বুধবার (১৪ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কাজী মো. জালাল উদ্দীনের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ২ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শহীদ মসিয়ূর রহমান হল ও এর আশপাশে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ও শৃঙ্খলাবিরোধী ঘটনার তদন্তে জুয়েল আল ইমরানকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গুরুতর আহত করার অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ঘটনাটি তদন্তে গঠিত কমিটির সুপারিশ এবং বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুসারে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্যাম্পাসে শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করার স্বার্থেই অভিযুক্ত শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের পদক্ষেপ নেওয়া হয়েছে বলে আদেশে জানানো হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশনা অনুযায়ী, বহিষ্কারাদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে।
বহিষ্কার চলাকালে তানভীরুল হক বিশ্ববিদ্যালয়ের কোনো একাডেমিক ক্লাস, পরীক্ষা কিংবা প্রাতিষ্ঠানিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও মূল ক্যাম্পাসে তাঁর প্রবেশও নিষিদ্ধ থাকবে।
সান নিউজ/ রাব্বি
