জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অধ্যাপক ড. শামীমা সুলতানাকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আল বশিরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদে দেওয়া ক্ষমতাবলে রাষ্ট্রপতি অধ্যাপক ড. শামীমা সুলতানাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দিয়েছেন।
নিয়োগের শর্ত অনুসারে, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা বা ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে সংশ্লিষ্ট পেশাগত ও চাকরিসংক্রান্ত সম্পর্ক ছিন্ন করতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছর অথবা ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। তবে এ দুইয়ের মধ্যে যেটি আগে ঘটবে, সেই সময়েই তার মেয়াদ শেষ হবে।
নিয়োগের বিষয়ে অধ্যাপক ড. শামীমা সুলতানা বলেন, সরকার তার ওপর আস্থা রেখে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের চেষ্টা করবেন।
সান নিউজ/ রাব্বি
