তাসনিয়া ফারিণ, সাবিলা নূর ও মেহজাবীন চৌধুরী—সমসাময়িক সময়ের জনপ্রিয় এই তিন অভিনয়শিল্পী ইতোমধ্যে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। সংসারজীবনের পাশাপাশি অভিনয়েও নিয়মিত তারা। অন্যদিকে, অভিনেত্রী সাফা কবিরকে প্রায়ই শুনতে হয় বিয়ে নিয়ে নানা প্রশ্ন। তবে ব্যক্তিগত জীবন নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত প্রশ্নে এবার নিজের বিরক্তির কথা জানিয়েছেন তিনি।
সাফার মতে, বিয়ে করবেন কি না কিংবা কবে করবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। এ নিয়ে কাউকে বারবার প্রশ্ন করা উচিত নয়।
সম্প্রতি এক আড্ডায় নিজের জীবনযাপন, অভিনয়জগৎ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। তিনি জানান, আশপাশে অনেক বন্ধুর বিয়ে হচ্ছে, কেউ কেউ সন্তানও নিচ্ছেন। এর মধ্যে নিজের অবিবাহিত জীবন নিয়ে তাকে প্রায়ই নানা প্রশ্নের মুখোমুখি হতে হয়।
সাফার ভাষ্য, বর্তমান সময়ে মানুষের বোঝা উচিত, ব্যক্তিগত জীবন নিয়ে এ ধরনের প্রশ্ন অনেকের জন্য অস্বস্তিকর হতে পারে। তাই অন্যের মানসিক অবস্থা ও ব্যক্তিগত পরিসরের প্রতি সবার সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। তারকাদেরও অন্য সবার মতো নিজস্ব সময় ও ব্যক্তিগত জীবন রয়েছে—এ বিষয়টি উপলব্ধি করার আহ্বান জানান তিনি।
অভিনয় নিয়ে নিজের অভিজ্ঞতা জানাতে গিয়ে সাফা বলেন, পর্দায় কোনো চরিত্রকে বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা সব সময় সহজ নয়। কখনো কখনো চরিত্রের প্রয়োজনে মানসিক চাপের মধ্য দিয়েও যেতে হয়। এর পাশাপাশি ব্যস্ত শুটিং সূচি কিংবা নানা প্রতিকূলতা থাকলেও দর্শকদের ভালোবাসা অর্জনের জন্য নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেন তিনি।
নিজের অভিনীত কাজ নিয়ে কখনোই পুরোপুরি সন্তুষ্ট হতে পারেন না বলেও জানান সাফা। তার মতে, একজন শিল্পীর মধ্যে নিজের কাজকে আরও ভালো করার তাগিদ থাকা জরুরি। এই অতৃপ্তিই তাকে সামনে এগিয়ে যেতে এবং নতুনভাবে নিজেকে উপস্থাপন করতে অনুপ্রাণিত করে।
ভবিষ্যৎ পরিকল্পনা প্রসঙ্গে সাফা জানান, ওয়েব ফিল্মে কাজ করার প্রতি তার বিশেষ আগ্রহ রয়েছে। বিশেষ করে অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয়ের ইচ্ছা রয়েছে তার। ভিন্নধর্মী চরিত্রের মাধ্যমে দর্শকদের সামনে নিজেকে নতুনভাবে তুলে ধরতে চান এই অভিনেত্রী।
নিজের জীবনদর্শন সম্পর্কে সাফা বলেন, তিনি নিজেকে একজন আত্মনির্ভরশীল মানুষ হিসেবে গড়ে তুলতে পছন্দ করেন। জীবনের নানা পরিস্থিতিতে ইতিবাচক থাকার চেষ্টা করেন এবং নিজের সমস্যাগুলো নিজেই সমাধান করতে চান। পাশাপাশি চারপাশের পরিবেশ ইতিবাচক রাখাকেও জীবনের অন্যতম লক্ষ্য বলে মনে করেন তিনি।
ব্যক্তিগত জীবন নিয়ে অযাচিত প্রশ্নের বদলে নিজের কাজ ও অভিনয় দিয়ে দর্শকদের কাছে পরিচিত থাকতে চান সাফা কবির। তার কথায়, প্রত্যেক মানুষের ব্যক্তিগত সিদ্ধান্ত ও জীবনযাপনের ধরনকে সম্মান করা জরুরি।
সান নিউজ/ রাব্বি
