মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ সাজেদা বেগম নামে এক নারীকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাজেদা বেগম চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মুদাপুর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত লাল মিয়া এবং স্বামীর নাম মো. নয়ন।
মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রিজাউল কাজীর নেতৃত্বে একটি দল খানবাড়ি এলাকায় অভিযান চালিয়ে সাজেদা বেগমকে গ্রেপ্তার করে।
ডিবি এসআই রিজাউল কাজী বলেন, ‘মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে খানবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে এক নারীকে তিন কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।’
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
সাননিউজ/বান্না
