বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল মঙ্গলবার (২০ অক্টোবর) আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এ সময় প্রতিনিধিদলে পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবির এবং আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সাক্ষাৎকালে বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, সার, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ও সংস্কৃতিসহ বিভিন্ন খাতে দুই দেশের সহযোগিতা বাড়ানোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে। উভয় দেশের জনগণের কল্যাণে জ্বালানি খাতে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে এ খাতের প্রকৌশলী ও বিশেষজ্ঞদের দক্ষতা বৃদ্ধিতে জ্ঞান বিনিময় এবং প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনে আলজেরিয়ার সহযোগিতা কামনা করেন।
বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যে হাইড্রোকার্বন খাতে সহযোগিতা নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়েও সন্তোষ প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করেন, এ সমঝোতার ফলে সরকারি পর্যায়ে (জিটুজি) তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য আমদানির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।
এ ছাড়া বাংলাদেশে এলএনজি অবকাঠামো উন্নয়ন এবং কয়লা ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানে উন্নত ও কার্যকর পদ্ধতি অনুসরণের সুযোগ সৃষ্টি হতে পারে বলে উল্লেখ করা হয়। দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
অন্যদিকে, আলজেরিয়ার প্রধানমন্ত্রী সিফি ঘরিব বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে তার সরকারের আগ্রহের কথা জানান। তিনি বলেন, দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে বাণিজ্য, ব্যবসা ও বিনিয়োগের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একে অপরের পরিপূরক হিসেবে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।
সান নিউজ/ রাব্বি
