দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নতুন ও স্থায়ী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে। দেশটির মহাকাশ ও বিমান চলাচল প্রযুক্তি খাতের অভিজ্ঞ কর্মকর্তা মেহরদাদ আখলাকি কেতাবচিকে ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে দেশটির পার্লামেন্ট।
এর আগে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন আজিজ নাসিরজাদেহ, যিনি পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় প্রাণ হারান। তার মৃত্যুর পর অন্তর্বর্তীকালীন সময়ের জন্য মাজিদ ইবন আল-রেজা এই পদের দায়িত্ব সামলে আসছিলেন।
নিয়োগ পাওয়া নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি এর আগে অত্যন্ত সফলতার সঙ্গে ইরানের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ অর্গানাইজেশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। মহাকাশ প্রযুক্তি, ক্ষেপণাস্ত্র উন্নয়ন এবং সংশ্লিষ্ট সামরিক সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে দেশটির অ্যারোস্পেস খাতের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ফলে এই খাতের ওপর দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকায় প্রতিরক্ষা উৎপাদনব্যবস্থা এবং সামরিক সরঞ্জাম সংগ্রহ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কেতাবচির পূর্ব অভিজ্ঞতা বাড়তি সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।
বর্তমান আঞ্চলিক ভূ-রাজনৈতিক ও নিরাপত্তাগত নানান জটিল চ্যালেঞ্জের মুখে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এই শীর্ষ পরিবর্তনকে বেশ তাৎপর্যপূর্ণ বলে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।
তবে নতুন মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর কেতাবচি ঠিক কোন বিষয়গুলোতে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন এবং তার এই নতুন নেতৃত্বে তেহরানের দীর্ঘমেয়াদি প্রতিরক্ষা নীতি বা অস্ত্র উৎপাদনে বড় কোনো কৌশলগত পরিবর্তন আসে কি না, সে বিষয়ে বিস্তারিত জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
সান নিউজ / রাজীব
