দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্রিক টন চিনি আমদানির অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেশ করা দুটি পৃথক প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে এই বৈঠকে। চিনি কিনতে সরকারের মোট ব্যয় হবে ১০৩ কোটি ৪৫ লাখ টাকা।
আজ বুধবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, অর্থমন্ত্রী বর্তমানে থাইল্যান্ডে অবস্থান করায় তিনি অনলাইনে ভার্চুয়ালি এই বৈঠকে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন। ইলেকট্রনিক সরকারি ক্রয় (ই-জিপি) পদ্ধতির মাধ্যমে উন্মুক্ত দরপত্র আহ্বান করে মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডকে এই চিনি সরবরাহের জন্য নির্বাচিত করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে অনুমোদিত সিদ্ধান্তের প্রথম ধাপ অনুযায়ী, মেঘনা সুগার রিফাইনারি লিমিটেডের কাছ থেকে ৫ হাজার মেট্রিক টন চিনি কেনা বাবদ ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার টাকা।
ভ্যাট ও করসহ এই চালানে প্রতি কেজি চিনির দাম পড়ছে ১০২ টাকা ৯৫ পয়সা। অন্যদিকে, একই প্রতিষ্ঠান থেকে দ্বিতীয় প্রস্তাবে আরও ৫ হাজার মেট্রিক টন চিনি ক্রয়ে ব্যয় হবে ৫১ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা, যেখানে প্রতি কেজির মূল্য নির্ধারিত হয়েছে ১০৩ টাকা ৯৫ পয়সা (ভ্যাট ও করসহ)। নির্বাচিত প্রতিষ্ঠানটিকে এই সমগ্র চিনি ৫০ কেজির বস্তাবন্দী করে সরবরাহ করতে বলা হয়েছে।
সান নিউজ / রাজীব
