রাজধানীর মিটফোর্ড (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) হাসপাতালের সামনে ভাঙারি পণ্যের ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে (৩৯) পাথরের আঘাতে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার প্রধান আসামি মাহমুদুল হাসান মহিনকে হাইকোর্টের দেয়া ছয় মাসের জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
রোববার (৪ অক্টোবর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।
গত ২৮ সেপ্টেম্বর বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি সৈয়দ হাসান যুবাইরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ জামিন আদেশ দেন। এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।
এর আগে, ২০২৫ সালের ৯ জুলাই মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে নৃশংসভাবে ব্যবসায়ীকে পাথর মেরে হত্যা করা। পরদিন রাজধানীর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন নিহত লাল চাঁদের বোন মঞ্জুয়ারা বেগম। মামলায় ১৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়। এ মামলায় গত ১২ জুলাই ২১ জনের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মোসাদ্দেক মিনহাজ।
সাননিউজ/বান্না
