নাটোরের লালপুরে লাশবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সাদেক আলী (৫৯) নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার উধনপাড়া হাজির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদেক আলী ওই এলাকার মৃত জুড়ান মন্ডলের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে চা পান শেষে ভ্যান নিয়ে বাড়ির দিকে ফিরছিলেন সাদেক আলী। এ সময় রাজশাহী থেকে কুষ্টিয়াগামী একটি লাশবাহী অ্যাম্বুলেন্স পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা অ্যাম্বুলেন্সটি আটক করে। এ সময় চালকের সহকারীকে আটক করা সম্ভব হলেও চালক পালিয়ে যান।
পরে অ্যাম্বুলেন্সে থাকা একটি শিশুর মরদেহ তার স্বজনরা ইজিবাইকে করে নিয়ে যান।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভ্যানচালক সাদেক আলীর মৃত্যুর ঘটনায় একটি মামলা করা হয়েছে।
সান নিউজ/ রাব্বি
