এশিয়ান গেমসের নারী ক্রিকেটে চীনের বিপক্ষে ম্যাচ না খেলেই সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। জাপানের নাগোয়ায় বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) নির্ধারিত ম্যাচটি ভেজা মাঠের কারণে শেষ পর্যন্ত পরিত্যক্ত হয়।
বৃহস্পতিবার সকালে নতুন করে বৃষ্টি না হলেও গত কয়েক দিনের টানা বর্ষণে মাঠ খেলার অনুপযোগী হয়ে পড়ে। স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও মাঠ প্রস্তুত না থাকায় টসও করা সম্ভব হয়নি।
মাঠের অবস্থা পর্যালোচনা করতে আম্পায়াররা তিন দফা পরিদর্শন করেন। দীর্ঘ সময় অপেক্ষার পরও পরিস্থিতির উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।
এশিয়ান গেমসের ক্রিকেটের বাইলজ অনুযায়ী, র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবিধায় ম্যাচ পরিত্যক্ত হলেও সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। ফলে চীনের বিপক্ষে মাঠে না নেমেই শেষ চারের টিকিট নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
এর আগে ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসেও বৈরী আবহাওয়া ও মাঠের প্রতিকূল পরিস্থিতির কারণে একই নিয়ম কার্যকর করা হয়েছিল।
এদিকে, বৃহস্পতিবার এশিয়ান গেমসে বাংলাদেশের নারী ফুটবল দলেরও ম্যাচ রয়েছে। ওসাকায় দক্ষিণ কোরিয়ার মুখোমুখি হবে সাবিনা খাতুনের দল। বাংলাদেশ সময় দুপুর ১টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন ১৯ সেপ্টেম্বর হলেও ক্রিকেটের প্রতিযোগিতা শুরু হচ্ছে ১৭ সেপ্টেম্বর থেকে। নাগোয়ায় সেপ্টেম্বর মাসে বৃষ্টিপাতের প্রবণতা বেশি থাকায় বাংলাদেশের ম্যাচ ঘিরে বৃষ্টির শঙ্কা আগে থেকেই ছিল। বৈরী আবহাওয়ার কারণে ম্যাচের আগে পূর্ণাঙ্গ অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল।
সান নিউজ/ রাব্বি
