ইউরোপের ঝলমলে ফুটবল মঞ্চ থেকে অনেক দূরে হলেও ফুটবলের রোমাঞ্চ ফুরিয়ে যায়নি। ব্রাজিলের ঐতিহ্যবাহী ক্লাব সান্তোসে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন এক অধ্যায় শুরু করেছেন অভিজ্ঞ মিডফিল্ডার ফিলিপে কৌতিনহো।
চলতি মৌসুমের বাকি সময়ের জন্য স্বদেশি ক্লাবটির সঙ্গে চুক্তি করেছেন ৩৪ বছর বয়সী এই তারকা। এর ফলে দীর্ঘদিনের বন্ধু ও ব্রাজিলিয়ান সতীর্থ নেইমারের সঙ্গে ক্লাব পর্যায়ে প্রথমবার একই জার্সিতে জুটি বাঁধার সুযোগ পাচ্ছেন তিনি।
এর আগে গত ফেব্রুয়ারিতে শৈশবের ক্লাব ভাস্কো দা গামা ছাড়ার পর থেকে ক্লাবহীন ছিলেন কৌতিনহো। ২০২৪ সালে ভাস্কোতে ফিরে ৮১টি ম্যাচ খেলার পর মানসিক অবসাদের কথা জানিয়ে ক্লাবটি ছেড়ে দেন তিনি।
সান্তোসে যোগ দেওয়ার পর নিজের অনুভূতি প্রকাশ করে কৌতিনহো বলেন, ‘এটি যদি কোনো স্বপ্ন হয়, তবে আমি আর ঘুম থেকে জাগতে চাই না।’
কৌতিনহোকে স্বাগত জানাতে বিশেষ উদ্যোগ নেয় সান্তোস। সামাজিক যোগাযোগমাধ্যমে শৈশবের দুই বন্ধুর পুরোনো একটি ছবি প্রকাশের পাশাপাশি জিমে দাঁড়িয়ে একই ভঙ্গিতে তোলা নতুন একটি ছবিও শেয়ার করে ক্লাবটি।
এ ছাড়া ড্রেসিংরুমে প্রবেশের পর নেইমারের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ হওয়ার একটি আবেগঘন ভিডিও প্রকাশ করা হয়, যা মুহূর্তেই ফুটবলপ্রেমীদের নজর কাড়ে।
ক্যারিয়ারের শুরুতে ভাস্কো দা গামায় খেললেও পরে ইন্টার মিলান ঘুরে ২০১৩ সালে লিভারপুলে যোগ দেন কৌতিনহো। অ্যানফিল্ডে ২০১ ম্যাচে ৫৪ গোল করেন তিনি।
এরপর ২০১৮ সালে রেকর্ড ১৪২ মিলিয়ন পাউন্ডে বার্সেলোনায় যোগ দেন কৌতিনহো। পরবর্তীতে বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলা ও আল-দুহাইল ঘুরে আবারও নিজ দেশের ফুটবলে ফিরেছেন একসময়ের জনপ্রিয় এই তারকা।
আমার বাঙলা/রাজীব
