ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর নিজের নামে অস্থাবর সম্পদ আছে ৩৬ লাখ ৫৭ হাজার ৯৮৮ টাকার (অর্জনকালীন মূল্য)। এর বর্তমান আনুমানিক মূল্য ৪০ লাখ টাকা। তাঁর কাছে নগদ আছে ২৫ লাখ টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ১৭ হাজার ৯৮৭ টাকা।
পাটওয়ারীর কাছে গয়না আছে ১০ লাখ টাকার। এ ছাড়া ৪০ হাজার টাকার ইলেকট্রনিক পণ্য ও এক লাখ টাকার আসবাব আছে তাঁর।
নাসীরুদ্দীন পাটওয়ারীর স্ত্রী ফাহিমা রহমান একজন গৃহিণী। তাঁর নামে অস্থাবর সম্পদ আছে ২৩ লাখ ১৯ হাজার ৯৮০ টাকার (অর্জনকালীন মূল্য), যার বর্তমান মূল্য ২৫ লাখ টাকার। ফাহিমা রহমানের কাছে নগদ আছে ৫ লাখ টাকা। ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে জমা আছে ৬ লাখ ১৯ হাজার ৯৮০ টাকা। আর গয়না আছে ১২ লাখ টাকার।
হলফনামার তথ্য অনুযায়ী, এই দম্পতির কোনো স্থাবর সম্পদ নেই। নেই কোনো ঋণও। সর্বশেষ আয়কর রিটার্নে ৪ লাখ ৪৭ হাজার ৩৩৩ টাকা আয়ের বিপরীতে ৫ হাজার টাকা আয়কর দিয়েছেন পাটওয়ারী। সম্পদ দেখিয়েছেন ২৬ লাখ ৩০ হাজার টাকার।
অন্যদিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের হলফনামার তথ্য অনুযায়ী, তাঁর অস্থাবর সম্পদের মোট মূল্য (অর্জনকালীন) ২৬ লাখ ৫ হাজার ৩৬৩ টাকা। বর্তমানে এই সম্পদের আনুমানিক মূল্য ৩০ লাখ টাকা বলে তিনি উল্লেখ করেছেন। এর মধ্যে তাঁর কাছে নগদ আছে ১৯ লাখ ৫০ হাজার টাকা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে তাঁর নামে জমা আছে ৩ লাখ ৮৫ হাজার ৩৬৩ টাকা। এর বাইরে তাঁর কাছে ৭ লাখ ৭৫ হাজার টাকার গয়না, ১ লাখ টাকার ইলেকট্রনিক পণ্য এবং ১ লাখ ৭০ হাজার টাকার আসবাব রয়েছে।
