খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, খাদ্য নিরাপদ না হলে জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়তে পারে। তাই এ বিষয়টিকে তার মন্ত্রণালয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে।
শনিবার সকাল ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া গিরিশ চন্দ্র উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এবং সাটুরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খাদ্য গুদাম তদারকির বিষয়ে খাদ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি জেলার খাদ্য গুদাম পর্যায়ক্রমে পরিদর্শন করা হবে। কোথাও কোনো ধরনের অনিয়ম পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে মানিকগঞ্জের ঘিওর উপজেলার খাদ্য গুদামে অনিয়মের প্রমাণ পাওয়ায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
তিনি আরও বলেন, যেকোনো ধরনের দুর্যোগ মোকাবিলায় দেশে পর্যাপ্ত খাদ্য মজুত নিশ্চিত করতে সরকার সতর্ক রয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হয়েছে।
দেশে সার সংকটের বিষয়ে এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বর্তমানে দেশে কোনো সার সংকট নেই। সম্প্রতি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় সারের মজুত পরিস্থিতি পর্যালোচনা করে দেখা গেছে, দেশে পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তবে মাঠপর্যায়ে সার বিতরণে কিছুটা সমন্বয়হীনতা থাকতে পারে। সার সংকটের কারণে চলতি রোপা আমন মৌসুমে ধান উৎপাদন কোনোভাবেই ব্যাহত হবে না বলেও তিনি আশ্বস্ত করেন।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগব্যবস্থা প্রসঙ্গে খাদ্যমন্ত্রী জানান, মানিকগঞ্জের পাটুরিয়া, রাজবাড়ীর দৌলতদিয়া এবং পাবনার কাজীরহাট নৌরুটকে সংযুক্ত করে ‘ওয়াই’ (Y) প্যাটার্নে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ইতোমধ্যে প্রকল্পটির সমীক্ষাসহ প্রাথমিক প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে। খুব শিগগিরই সেতুটির দৃশ্যমান নির্মাণকাজ শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ধানকোড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুছ খান মজলিশ মাখন এবং সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার।
সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক মুহাম্মদ আমির হামজা ও যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বকুলের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল খান, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, সাটুরিয়া উপজেলা কৃষক দলের সভাপতি বরকত মল্লিকসহ জেলা ও উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
আমার বাঙলা/ রাব্বি
