মাদারীপুরের কালকিনিতে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে মারধর ও জীবননাশের হুমকির অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভূক্তভোগী বৃদ্ধ আব্দুল মান্নান বেপারী (৭৯) বাদী হয়ে কালকিনি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, কালকিনি থানাধীন কালাই সরদারের চর গ্রামের বাসিন্দা আঃ গনি বেপারীর ছেলে আব্দুল মান্নান বেপারীর সাথে একই এলাকার নাদিরা সুলতানা (৩৫), আরিফুল ইসলাম বাবু বেপারী (৪০), সাজ্জাদ হোসেন (২৭) ও হান্নান মিয়ার (৬৫) দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের বিষয়ে মাদারীপুর বিজ্ঞ দেওয়ানী আদালতে একটি মামলা (নং-৯৬/১১) বর্তমানে বিচারাধীন রয়েছে।
ঘটনার বিবরণী থেকে জানা যায়, গত ১২ আগস্ট দুপুরে আব্দুল মান্নান বেপারীর বসতবাড়ির সামনের ডোবা দিয়ে একটি গাছের গুঁড়ি ভেসে যাওয়ার সময় তাদের গৃহপরিচারিকা মঞ্জিলা বেগম সেটি তোলার চেষ্টা করেন। এ সময় বিবাদীরা ঘটনাস্থলে এসে মঞ্জিলা বেগমের ওপর চড়াও হয়। এসময় প্রতিবাদ করলে তার উপর অতর্কিত হামলা করে আহত করে।
মঞ্জিলা বেগমের ডাক-চিৎকারে পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এসময় মান্নান বেপারীর পরিবারের লোকজন এগিয়ে আসলে বিবাদীরা পরিবারটিকে জীবননাশের হুমকি এবং মিথ্যা নারী নির্যাতন মামলা দিয়ে হয়রানি করার ভয় দেখিয়ে স্থান ত্যাগ করে।
এ বিষয়ে অভিযুক্ত নাদিরা সুলতানার মা ফাহিমা বেগম বলেন, জমিজমা নিয়ে আদালতে মামলা চলমান আছে, আদালত যে রায় দিবে আমরা সেটা মেনে নেবো।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল আলম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের একটি অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/ জামান
