প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা না থাকলেও নতুন করে আরও দুই সংসদ সদস্য যুক্ত হতে যাচ্ছেন। বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকনের নাম এ পর্যায়ে চূড়ান্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগামীকাল বৃহস্পতিবার কিংবা নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের আগে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে। নতুন দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী আগামী ২২ আগস্ট নতুন রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিতে পারেন।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং মোহাম্মদ শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা কয়েক দিন ধরেই চলছিল।
রাষ্ট্রপতি নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে নতুন রাষ্ট্রপতির শপথ নেওয়ার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। ফলে ২১ বা ২২ আগস্ট শপথ অনুষ্ঠান হতে পারে। এ লক্ষ্যে বঙ্গভবনে প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে সাচিং প্রু জেরীকে আনার বিষয়টি পাহাড়ি এলাকার রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বের সঙ্গে দেখছেন সংশ্লিষ্টরা। বান্দরবান থেকে নির্বাচিত একজন সংসদ সদস্যকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার মধ্য দিয়ে পাহাড়ি জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব ও স্থানীয় উন্নয়নকে গুরুত্ব দেওয়ার বার্তা দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-ধর্মবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট দীপেন দেওয়ান মন্ত্রিসভায় শপথ নেন। তিনি পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে গত ১ জুন তিনি পদত্যাগ করেন। প্রায় দুই মাস পর মন্ত্রণালয়টি নতুন মন্ত্রী পেতে যাচ্ছে। বর্তমানে এ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করছেন।
অন্যদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মোহাম্মদ শামীম কায়সার লিংকন এক লাখ ৪২ হাজার ৭৭২ ভোট পেয়ে নির্বাচিত হন।
মন্ত্রিপরিষদের এক প্রভাবশালী সদস্য জানিয়েছেন, দুই সংসদ সদস্যকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং আগামী ২০ আগস্ট এ বিষয়ে ঘোষণা দেওয়া হতে পারে। তবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। সংসদ সদস্য সাচিং প্রু জেরীও মন্ত্রিসভায় যুক্ত হওয়ার বিষয়ে কোনো তথ্য তাঁর জানা নেই বলে মন্তব্য করেছেন।
বর্তমানে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন। এর মধ্যে প্রধানমন্ত্রী ছাড়াও ২৫ জন পূর্ণ মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রী রয়েছেন। এ ছাড়া প্রধানমন্ত্রীর বিশেষ সুবিধাপ্রাপ্ত ১০ জন উপদেষ্টা রয়েছেন, যাদের মধ্যে পাঁচজন মন্ত্রী ও পাঁচজন প্রতিমন্ত্রীর মর্যাদায় দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানকে সামনে রেখে বঙ্গভবনে প্রস্তুতি চলছে। তবে অনুষ্ঠানটির তারিখ এখনো চূড়ান্ত হয়নি। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের তিন কার্যদিবসের মধ্যে রাষ্ট্রপতিকে শপথ নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
ক্ষমতাসীন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দলীয় প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই-বাছাইয়ে তাঁর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। সংসদে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরই পরবর্তী রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে।
রাষ্ট্রপতির প্রেসসচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য বঙ্গভবনে প্রস্তুতি রয়েছে। ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের পর শপথ অনুষ্ঠানের তারিখ জানানো হবে।
রাষ্ট্রপতির কার্যালয়ের সহকারী প্রেসসচিব এস এম রাহাত হাসনাতও জানিয়েছেন, নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের প্রস্তুতি চলছে।
সূত্র: কালের কণ্ঠ
সান নিউজ/ জামান
