ঢাকার ডেমরার সারুলিয়া এলাকা থেকে দুটি হাতবোমাসদৃশ বস্তুসহ নরসিংদী জেলা কারাগার থেকে পালানো ‘জঙ্গি’ জুয়েল ভূঁইয়া ওরফে ‘ওস্তাদকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তিনি নব্য জেএমবির বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত নাজমুল হাসান মামুন ওরফে ‘বোমারু মামুনের’ ঘনিষ্ঠ সহযোগী।
রোববার (১৬ আগস্ট) বিকেলে ডেমরার সারুলিয়া এলাকার পশ্চিম নিঝুমবাগে পুলিশ ও অ্যান্টি টেররিজম ইউনিটের (এটিইউ) যৌথ অভিযানে জুয়েলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ও এটিইউ সূত্র জানায়, জুয়েলের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, জুয়েল একসময় নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীরের সঙ্গে যুক্ত ছিলেন। কারাগারে থাকার সময় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত মামুনের সঙ্গে তার পরিচয় ও ঘনিষ্ঠতা হয় বলে দাবি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর। পরবর্তী সময়ে জামিনে বের হওয়ার পরও তাদের মধ্যে যোগাযোগ ছিল বলে জানানো হয়েছে।
অভিযানের সময় ঘটনাস্থল থেকে আরিফ চৌধুরী নামে আরও একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, জুয়েল নব্য জেএমবির সদস্য এবং বোমারু মামুনের সহযোগী। ২০২৪ সালের ১৯ জুলাই নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যান তিনি। পরে ২৫ জুলাই তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়। এরপর ওই বছরের সেপ্টেম্বর মাসে জামিনে মুক্তি পান জুয়েল।
আমার বাঙলা/ রাব্বি
