পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৬ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশের আয়োজনে সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে এ প্যারেড অনুষ্ঠিত হয়।
প্যারেডে সালামি গ্রহণ ও পরিদর্শন করেন মুন্সীগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। পরিদর্শনকালে তিনি পুলিশ সদস্যদের শারীরিক ফিটনেস, টার্নআউট, ড্রেসরুলস যথাযথভাবে অনুসরণ, স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে আরও পেশাদার হওয়ার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রাখতে করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে অনুসরণের জন্য তিনি প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সিরাজদীখান সার্কেল) আনোয়ার পারভেজ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) মো. ইমরান আহম্মেদ পিপিএমসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা।
মাস্টার প্যারেডের মাধ্যমে পুলিশ সদস্যদের শৃঙ্খলা, শারীরিক সক্ষমতা ও দায়িত্ব পালনের প্রস্তুতি আরও সুদৃঢ় করার পাশাপাশি জনবান্ধব ও পেশাদার পুলিশিং নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সান নিউজ/ জামান
