বাগেরহাটের রামপালে সরকারি রেকর্ডভুক্ত খাল অবৈধ দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদ ও যুবদল।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় রামপাল উপজেলা বিএনপির আঞ্চলিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা উন্নয়ন সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউল হক।
লিখিত বক্তব্যে তিনি বলেন, রামপালের বিভিন্ন সরকারি খাল দীর্ঘদিন ধরে অবৈধ দখলে রয়েছে। খাল দখলের কারণে সামান্য বৃষ্টিতেই বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে।
সংবাদ সম্মেলন থেকে পাঁচ দফা দাবি জানানো হয়। এর মধ্যে রয়েছে—সব সরকারি খাল চিহ্নিত করা, সীমানা নির্ধারণ করে সরকারি খুঁটি স্থাপন, অবৈধ দখলদার উচ্ছেদ, খনন ও সংস্কারের মাধ্যমে স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনা এবং ভবিষ্যতে দখল রোধে নিয়মিত তদারকি ও আইনগত ব্যবস্থা নেওয়া।
এ সময় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দ্রুত সরকারি খাল উদ্ধার ও সংরক্ষণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আমার বাঙলা/ রাব্বি
