চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি ভাড়া বাসায় ভারতীয় জাল রুপি তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। পরে সেখানে অভিযান চালিয়ে দুইজনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ নকল ভারতীয় রুপি এবং নোট তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বালুবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করে র্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল।
আটক ব্যক্তিরা হলেন—শিবগঞ্জ উপজেলার মনকষা চৌধুরীপাড়ার মনিরুল ইসলামের ছেলে তোসিকুল ইসলাম (৩০) এবং নওগাঁর নিয়ামতপুর উপজেলার মন্দিখোর গ্রামের সাইদুর রহমানের ছেলে শামীম আলী (৩২)।
র্যাব জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বালুবাগান এলাকার ওই ভাড়া বাসায় অভিযান চালানো হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বাসাটি ভাড়া নিয়ে সেখানে গোপনে ভারতীয় বিভিন্ন মূল্যমানের জাল রুপি তৈরি করে আসছিলেন। পরে এসব নোট বিভিন্ন মাধ্যমে বাজারে ছড়িয়ে দেওয়া হতো।
অভিযানের সময় বিপুল পরিমাণ জাল ভারতীয় রুপির পাশাপাশি নোট তৈরির কাজে ব্যবহৃত একটি ল্যাপটপ, বিশেষ স্ক্যানার, কালার প্রিন্টার, বিশেষ ধরনের কাগজ, রংসহ বেশ কিছু সরঞ্জাম জব্দ করা হয়েছে।
র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখার হোসেন মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জাল রুপি তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
তিনি বলেন, এই চক্রের সঙ্গে সীমান্তকেন্দ্রিক বা আন্তর্জাতিক কোনো অপরাধী গোষ্ঠীর যোগাযোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। জাল নোট তৈরি ও সরবরাহের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানিয়েছে র্যাব।
আমার বাঙলা/ রাব্বি
