অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তদন্তাধীন চারজন সিটি করপোরেশন কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছে স্থানীয় সরকার বিভাগ। তদন্ত চলাকালে তারা গোপনে দেশ ছেড়ে যেতে পারেন—এমন আশঙ্কায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিদেশযাত্রা ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
দেশত্যাগে নিষেধাজ্ঞা পাওয়া কর্মকর্তারা হলেন—ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের যান্ত্রিক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আনিসুর রহমান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক ও বর্তমানে বরিশাল সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মোহাম্মদ শাহীন-উল ইসলাম চৌধুরী (ময়মনসিংহে বদলির আদেশপ্রাপ্ত) এবং একই সংস্থার নির্বাহী প্রকৌশলী (পুর-অতিরিক্ত দায়িত্ব) ফারজানা মুক্তা (রংপুরে বদলির আদেশপ্রাপ্ত)।
স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে গত ২৬ জুলাই যুগ্ম সচিব মো. রবিউল ইসলাম স্বাক্ষরিত একটি গোপনীয় চিঠির মাধ্যমে এ নির্দেশনা জারি করা হয়।
চিঠিটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, পুলিশের বিশেষ শাখা ও ইমিগ্রেশন শাখার অতিরিক্ত মহাপরিদর্শক এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী তদন্ত চলাকালে অভিযুক্ত কর্মকর্তারা দেশ ত্যাগের চেষ্টা করতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দেশের সব ইমিগ্রেশন চেকপোস্টে তাদের বিদেশযাত্রা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এ উদ্দেশ্যে সংশ্লিষ্ট চার কর্মকর্তার নাম, পদবি, স্থায়ী ঠিকানা এবং পাসপোর্টের অনুলিপিও চিঠির সঙ্গে সংযুক্ত করা হয়েছে।
সান নিউজ/ জামান
