রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে ছাত্রশিবিরের আয়োজিত ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনী ও ব্যানার-ফেস্টুন প্রদর্শনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়ে সকাল থেকেই কর্মসূচি চলছিল।
জানা যায়, প্রদর্শিত একটি ব্যানারে যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ও দণ্ডপ্রাপ্ত কয়েকজন জামায়াত নেতার পাশাপাশি বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি ছিল। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওই ব্যানার অপসারণের দাবি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা কর্মসূচিস্থলে গেলে দুই পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে চেয়ার, ইটপাটকেল নিক্ষেপ এবং পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এতে ছাত্রশিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির-সমর্থিত ব্রাকসুর জিএস প্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার, মুরসালিনসহ ছাত্রদল নেতা আশিক এবং উভয় পক্ষের আরও কয়েকজন আহত হন।
ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী দুঃখ প্রকাশ করে বলেন, আহতদের চিকিৎসা ও সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ঘটনার ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্ত করা হবে এবং দায়ীদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির যেকোনো অপচেষ্টা সম্পর্কে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।
সান নিউজ/ জামান
